জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নির্মিত হলো নতুন থিম সং ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ

আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নির্মিত হয়েছে নতুন থিম সং ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’। জাতীয় এই কর্মসূচির প্রাক্কালে গানটির রেকর্ডিং কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গানটির গীতিকার এস এম কাইয়ুম, সুরকার রাহুল কুমার দত্ত এবং সংগীত পরিচালক মুশফিক লিটু। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
গানটির বিষয়বস্তুতে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের গুরুত্বপূর্ণ বার্তাগুলো তুলে ধরা হয়েছে। বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দেশীয় মাছ ও জলাশয় রক্ষা, জাটকা নিধন বন্ধ, মা ইলিশ সংরক্ষণ, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধ, মাছের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধির সম্ভাবনা।
প্রযোজনা প্রতিষ্ঠান আরশি নগর মিডিয়ার কর্ণধার আমিনূর ইসলাম লিটন জানান, শিগগিরই গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নির্মাণ করা হবে এবং তা জাতীয় টেলিভিশনে প্রচার করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই থিম সং জাতীয় মৎস্য পক্ষের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
