সৌজন্য বিতরণ, করপোরেট পৃষ্ঠপোষকতা, প্রকাশকের পরিচয় ও আর্থিক স্বচ্ছতা নিয়ে অনুসন্ধানের প্রয়োজন।
ফলোআপ নিউজ ডেস্ক
সাহিত্যচর্চা নিঃসন্দেহে সম্মানজনক কাজ। একটি সাহিত্যপত্রিকা দীর্ঘদিন প্রকাশ করা, লেখকদের উৎসাহিত করা, নতুন লেখকদের জায়গা করে দেওয়া (শন্দঘর অবশ্য সেটি করে বলে তথ্য বলছে না) এবং সাহিত্য-সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সেই উদ্যোগের অর্থায়ন, আয়-ব্যয় ও কর-পরিপালনের বিষয়গুলোও কি সমানভাবে স্বচ্ছ? বিশেষ করে যখন একটি পত্রিকার অধিকাংশ কপি সৌজন্য হিসেবে বিতরণ করা হয়, তখন এর নিয়মিত প্রকাশনা ও সাংস্কৃতিক আয়োজনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক ডা. মোহিত কামাল সম্পাদিত সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা ‘শব্দঘর’কে ঘিরে এমন কিছু প্রশ্ন সামনে এসেছে। ২০১৪ সালের ২৭ জানুয়ারি যাত্রা শুরু করা পত্রিকাটি ২০২৪ সালে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রকাশক হিসেবে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে মাহফুজা আখতারের নাম পাওয়া যায়।

প্রকাশক মাহফুজা আখতার, সম্পাদক মোহিত কামাল
প্রকাশ্য লেখক পরিচিতিতে ডা. মোহিত কামালের স্ত্রীর নাম মাহফুজা আখতার মিলি হিসেবে উল্লেখ রয়েছে। অন্যদিকে, শব্দঘরের প্রকাশক হিসেবে মাহফুজা আখতারের নাম প্রকাশিত সংবাদে পাওয়া যায়। অর্থাৎ একই ব্যক্তি বলে ধরে নেওয়ার পক্ষে প্রকাশ্য পরিচিতি রয়েছে। তবে প্রকাশনা প্রতিষ্ঠানের আইনগত মালিকানা ও পরিচালনার দায়িত্ব নির্ধারণে প্রাথমিক নথি প্রয়োজন।
এখানে প্রশ্ন হলো, শব্দঘরের প্রকাশনা প্রতিষ্ঠানটি কার নামে নিবন্ধিত? এর ট্রেড লাইসেন্স, টিআইএন ও প্রযোজ্য ক্ষেত্রে বিআইএন রয়েছে কি? পত্রিকার আয়-ব্যয়ের হিসাব কি পৃথকভাবে সংরক্ষণ করা হয়?
সৌজন্য বিতরণ, কিন্তু অর্থের জোগান কোথা থেকে?
শব্দঘরের অধিকাংশ কপি সৌজন্য হিসেবে বিতরণ করা হয় বলে জানা যায়। এমন হলে পত্রিকাটির প্রকাশনা ব্যয় এবং বিনামূল্যে বিতরণের খরচের অর্থ কোথা থেকে আসে, সেটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানের বিষয়।
২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যাসহ শব্দঘরের বিভিন্ন সংখ্যা বাতিঘরের মতো বইয়ের দোকানে ১০০ টাকা মূল্যেও বিক্রির তালিকায় রয়েছে। ফলে পত্রিকাটির বিক্রয় কার্যক্রমও আছে। কিন্তু মোট মুদ্রণসংখ্যা, বিক্রির পরিমাণ, সৌজন্য কপির সংখ্যা এবং অবিক্রীত কপির হিসাব প্রকাশ্যে পাওয়া যায়নি।
একটি সংখ্যার মুদ্রণ ব্যয় কত? বছরে মোট কত টাকা ব্যয় হয়? এই ব্যয়ের কত অংশ বিক্রয়লব্ধ অর্থ থেকে আসে? বাকি অর্থের উৎস কী? এসব প্রশ্নের উত্তর ছাড়া শব্দঘরের আর্থিক কাঠামো সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

করপোরেট পৃষ্ঠপোষকতায় সাহিত্য আয়োজন
২০২৫ সালের ২০ জানুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনে ডা. মোহিত কামাল জানিয়েছেন, শব্দঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ইউনিমেড ইউনিহেলথ অর্থায়নে সহযোগিতা করেছে।
করপোরেট পৃষ্ঠপোষকতা স্বাভাবিক ও বৈধ একটি ব্যবস্থা। কিন্তু এই সহযোগিতার ধরন কী? অর্থটি বিজ্ঞাপন, অনুদান নাকি স্পনসরশিপ হিসেবে দেওয়া হয়েছিল? অর্থ গ্রহণের বিপরীতে কোনো বিল, ভাউচার বা চুক্তি রয়েছে কি? সংশ্লিষ্ট অর্থ প্রতিষ্ঠানের হিসাবে কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে?
এখানে আরও একটি প্রশ্ন রয়েছে— শব্দঘরের অন্যান্য অনুষ্ঠান, বিশেষ সংখ্যা ও নিয়মিত প্রকাশনার অর্থও কি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে আসে?
সাহিত্যিক পরিচিতি ও আর্থিক স্বচ্ছতা
ডা. মোহিত কামাল একজন পরিচিত চিকিৎসক ও কথাসাহিত্যিক বলে দাবী আছে। তার সাহিত্যিক কর্মকাণ্ড, লেখালেখি এবং শব্দঘরের মাধ্যমে লেখকদের উৎসাহিত করার উদ্যোগের নিজস্ব মূল্য রয়েছে। কিন্তু সাহিত্যিক পরিচিতি আর্থিক জবাবদিহির বিকল্প হতে পারে না।
ব্যক্তিগত আয়, চিকিৎসা পেশা থেকে প্রাপ্ত আয়, লেখালেখি ও প্রকাশনা থেকে আয় এবং পৃষ্ঠপোষকতার অর্থ— প্রতিটি উৎসের হিসাব আইন অনুযায়ী সংরক্ষণ ও ঘোষণা করা হচ্ছে কিনা, তা জানা প্রয়োজন।
ডা. মোহিত কামালের বিরুদ্ধে কোটি কোটি টাকা কর ফাঁকির অভিযোগের বিষয়টিও অনুসন্ধানের দাবি রাখে। তবে এই প্রতিবেদনের প্রস্তুতিকালে অভিযোগের নির্দিষ্ট পরিমাণ, সংশ্লিষ্ট করবর্ষ, এনবিআরের তদন্ত প্রতিবেদন, কর নির্ধারণের আদেশ কিংবা আদালতের কোনো প্রামাণ্য নথি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে অভিযোগটিকে প্রমাণিত ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে না।
FollowUpNews এ বিষয়ে ডা. মোহিত কামাল, প্রকাশক মাহফুজা আখতার এবং সংশ্লিষ্ট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বক্তব্য জানতে আগ্রহী। তাদের বক্তব্য ও প্রামাণ্য নথি পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।
সাহিত্যচর্চা সম্মানের, কিন্তু আর্থিক জবাবদিহি সবার জন্য সমান।
