Headlines

স্টার কাবাবের সিইওর দাবি ‘১৭টি TIN’, কিন্তু বিস্তারিত প্রকাশে অনীহা; ফলোআপ নিউজের একাধিক প্রশ্ন

ঢাকা

ঢাকাঃ স্টার কাবাবের কর পরিশোধ ও ব্যবসায়িক কাঠামো নিয়ে ফলোআপ নিউজের অনুসন্ধানের মুখে প্রতিষ্ঠানটির সিইও মনিরুজ্জামান দাবি করেছেন, স্টার কাবাবের ১৭টি TIN (Taxpayer Identification Number) রয়েছে। তবে কোন কোন আইনগত সত্তার নামে এসব TIN নিবন্ধিত, কিংবা প্রতিটি TIN-এর অধীনে কত টাকা কর পরিশোধ করা হয়—এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।

স্টার কাবাব কম ট্যাক্স দেয়— এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “আপনি কীভাবে জানলেন স্টার কাবাব কম ট্যাক্স দেয়?”

আলোচনার একপর্যায়ে তিনি দাবি করেন, স্টার কাবাবের ১৭টি TIN রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, মালিকের গোপনীয়তা রক্ষা করা তার দায়িত্ব। ফলে তার উত্থাপিত দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

এদিকে ফলোআপ নিউজের হাতে থাকা নথি অনুযায়ী, হোটেল স্টার (প্রাইভেট) লিমিটেড ২০২৪ করবর্ষে ট্যাক্স জোন-৭-এ ৭১ লাখ ২৯ হাজার ১৯২ টাকা আয় (নথিতে উল্লেখিত হিসাব অনুযায়ী) প্রদর্শন করেছে এবং ২৭ লাখ ৮৩ হাজার ২৯৫ টাকা আয়কর পরিশোধ করেছে।

এই তথ্যের ভিত্তিতে ফলোআপ নিউজ জানতে চায়, হোটেল স্টার (প্রাইভেট) লিমিটেডের অধীনে ঠিক কোন কোন ব্যবসা প্রতিষ্ঠান, ব্র্যান্ড বা স্টার কাবাবের শাখা পরিচালিত হয়?

পাশাপাশি আরও জানতে চায়, মনিরুজ্জামান যে বাকি TINগুলোর কথা বলেছেন, সেগুলো কোন কোন আইনগত সত্তার নামে নিবন্ধিত এবং ২০২৪ করবর্ষে প্রতিটি TIN-এর অধীনে কত টাকা আয় দেখানো হয়েছে ও কত টাকা আয়কর পরিশোধ করা হয়েছে।

কর-সংক্রান্ত বিষয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ফলোআপ নিউজের প্রশ্ন, স্টার কাবাবের ব্যবসায়িক কার্যক্রম কোন কোন কোম্পানি, প্রোপ্রাইটরশিপ বা অন্যান্য আইনগত সত্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সেসব প্রতিষ্ঠানের কর পরিশোধের তথ্য কি জনস্বার্থে প্রকাশ করা হবে?

ফলোআপ নিউজ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টার কাবাব কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। একইসাথে ফলোআপ নিউজ কথা বলতে চায় ট্যাক্ম জোন-৭-এর কমিশনার-এর সাথে।