Headlines

খুলনা কাস্টমস্ কমিশনারেটের সার্কেল-১-এর পরপর দু’জন অফিসারের সম্পদের হিসাব জানতে চায় খুলনার জনগণ

খুলনা

খুলনা কাস্টমস কমিশনারেটের সার্কেল-১ ঘিরে নানা আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একটি অংশের দাবি, এই সার্কেলে দায়িত্ব পালন করা পরপর দুই কর্মকর্তার জীবনযাপন ও সম্পদের উৎস নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রগুলো অভিযোগ করছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন বলে আলোচনা রয়েছে। তাদের দামী ব্র্যান্ডের পণ্য ব্যবহার, সামান্য অসুস্থতায় বিদেশে চিকিৎসা গ্রহণ এবং অভিজাত হোটেলে অবস্থানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এছাড়া কিছু ব্যক্তিগত আচরণ নিয়েও নানা অভিযোগ সামাজিকভাবে আলোচিত হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
ফলোআপনিউজের কাছে আসা কিছু কথোপকথনের স্ক্রিনশট ঘিরেও আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আরো অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
খুলনা কাস্টমস কমিশনারেটের সার্কেল-১-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। ফলোআপনিউজের প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের কয়েকজন দাবি করেছেন, এই সার্কেল ঘিরে বড় অঙ্কের অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক শেখ দিদারুজ্জামান ফলোআপনিউজকে জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। তিনি বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে আনা প্রয়োজন।