খুলনা: বকেয়া ভ্যাট আদায়ের ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক সাবেক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর এক সদস্য এ অভিযোগ তুলেছেন।
অভিযোগকারী জানান, সুন্দরবনে পরিচালিত বিভিন্ন ট্যুরিস্ট জাহাজের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ থাকলেও ভ্যাট আইন ব্যবসা বান্ধব নয় বলে দাবি করেন তিনি। তার মতে, অনেক ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে আইনগত বিধান সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ব্যবসায়ীরা জটিল পরিস্থিতির মধ্যে পড়েন। এই সুযোগে কিছু রাজস্ব কর্মকর্তা চাপ সৃষ্টি করে ঘুষ নেওয়ার পরিবেশ তৈরি করেন।
তিনি আরও অভিযোগ করেন, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা নাদিম আহমেদের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। বকেয়া ভ্যাট আদায় এবং মামলা করার ভয় দেখিয়ে এই অর্থ আদায় করা হয় বলে দাবি করেন তিনি।
অভিযোগকারী বলেন, “ব্যবসায়ীরা যতই আপত্তি করুক, শেষ পর্যন্ত আইনের কাছে তাদের হাত-পা বাঁধা থাকে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু কর্মকর্তা ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।”
এদিকে, একই ধরনের অভিযোগ আরো কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকেও উঠে এসেছে বলে জানা গেছে। তাদের দাবি, বকেয়া ভ্যাট আদায় ও মামলা করার হুমকি দিয়ে মোটা অঙ্কের ঘুষ দিতে বাধ্য করা হয়েছে।
এ বিষয়ে সার্কেল-১ এর বর্তমান রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
