Headlines

১,৭০০ টন বন্ডিং ক্যাপাসিটি, ৯,৪৭৯ টন আমদানি প্রাপ্যতা! পূরবী সাহার স্বাক্ষরেই ৯,২৭৬ টন— রপ্তানি কোথায় অ্যাডভান্স ফ্লাক্সোপ্যাকের?

উপকমিশনার

ফলোআপ নিউজ অনুসন্ধান

বন্ডিং ক্যাপাসিটি মাত্র ১,৭০০ মেট্রিক টন। অথচ Advance Flexopack Industries Ltd.-এর নামে বিভিন্ন সময়ে মোট ৯,৪৭৯.৩২ মেট্রিক টন কাঁচামাল আমদানির প্রাপ্যতা অনুমোদনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুই দফায় তৎকালীন উপকমিশনার ব্যারিস্টার পূরবী সাহার স্বাক্ষরে অনুমোদিত হয়েছে ৯,২৭৬.৬৮ মেট্রিক টন। অর্থাৎ মোট অনুমোদিত প্রাপ্যতার প্রায় ৯৭.৮৬ শতাংশই তার স্বাক্ষরসংবলিত দুটি অনুমোদনপত্রে।

উপকমিশনার, দ্বিতীয় সচিব
উপকমিশনার পূরবী সাহা স্বাক্ষরিত নথি।

অন্যদিকে প্রতিষ্ঠানটির বার্ষিক গড় আমদানির আর্থিক পরিমাণ আনুমানিক ৮০০ কোটি টাকা বলে অনুসন্ধানে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে। শুল্কমুক্ত আমদানির অনুমোদিত আর্থিক পরিমাণ হিসেব করলে তা প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। প্রাপ্যতার অনুমতি এবং আমদানির তথ্যে বড় অমিল রয়েছে।  পাশাপাশি এই বিপুল পরিমাণ কাঁচামাল আমদানির বিপরীতে প্রতিষ্ঠানের সরাসরি রপ্তানির চিত্র কী? উৎপাদিত পণ্য কোথায় যাচ্ছে? বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামালের ব্যবহার ও নিষ্পত্তির হিসাব কতটা স্বচ্ছ?

এসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান Advance Attire Limited-এর নামে ৬৭.৫৩ কোটি টাকার SCN Demand-এর তথ্য সামনে আসায় গ্রুপটির সামগ্রিক বন্ড কার্যক্রম নিয়েও অনুসন্ধানের প্রয়োজন দেখা দিয়েছে।

পূরবী সাহার স্বাক্ষরে দুই দফায় ৯,২৭৬.৬৮ টন প্রাপ্যতা

প্রাপ্যতা অনুমোদনের তারিখ ও পরিমাণ বিশ্লেষণ করে নিচের তথ্য পাওয়া গেছে।

তারিখ অনুমোদনকারী/স্বাক্ষর প্রাপ্যতা
০৫ জানুয়ারি ২০২৫ উপকমিশনার ব্যারিস্টার পূরবী সাহা ৫,১১৪.৫০ টন
১৪ জুলাই ২০২৫ অনুমোদনকারী নথিতে যাচাইসাপেক্ষ ৮২.৪৮ টন
২০ জানুয়ারি ২০২৬ উপকমিশনার ব্যারিস্টার পূরবী সাহা ৪,১৬২.১৮ টন
০৪ নভেম্বর ২০২৬ প্রাপ্যতা অনুমোদন ১২০.১৬ টন
সর্বমোট ৯,৪৭৯.৩২ টন

দুটি অনুমোদনপত্রে ব্যারিস্টার পূরবী সাহার স্বাক্ষর রয়েছে। তার স্বাক্ষরে মোট অনুমোদিত প্রাপ্যতা:

৫,১১৪.৫০ + ৪,১৬২.১৮ = ৯,২৭৬.৬৮ মেট্রিক টন।

এটি মোট প্রাপ্যতার প্রায় ৯৭.৮৬ শতাংশ।

প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণ প্রাপ্যতা নির্ধারণের সময় প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা, আগের আমদানির ব্যবহার, মজুত এবং রপ্তানি বা স্থানীয় সরবরাহের হিসাব কীভাবে বিবেচনা করা হয়েছিল? বড় প্রশ্ব হচ্ছে আন্তর্জাতিক ডেটাবেজে বিপুল পরিমাণ আমদানির যে রেকর্ড পাওয়া যাচ্ছে, তার ব্যাখ্যা কী?

ব্যারিস্টার
ব্যারিস্টার পূরবী সাহা। দ্বিতীয় সচিব, এনবিআর। ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটে থাকতে এত অনিয়মের পরও কীভাবে তিনি এনবিআর-এর দ্বিতীয় সচিব হিসেবে একই প্রসঙ্গে দায়িত্ব পালন করছেন সেটি নিয়ে গুরুতরো প্রশ্ন উঠেছে। ছবির সূত্রঃ লিংকডইন

বন্ডিং ক্যাপাসিটি ১,৭০০ টন, প্রাপ্যতা প্রায় সাড়ে পাঁচ গুণ

প্রতিষ্ঠানটির বন্ডিং ক্যাপাসিটি ১,৭০০ মেট্রিক টন বলে প্রাপ্ত তথ্যের সঙ্গে অনুমোদিত প্রাপ্যতার তুলনা করলে একটি বড় পার্থক্য দেখা যায়।

সূচক পরিমাণ
বন্ডিং ক্যাপাসিটি ১,৭০০ টন
পূরবী সাহার স্বাক্ষরে প্রাপ্যতা ৯,২৭৬.৬৮ টন
অন্যান্য দুই দফার প্রাপ্যতা ২০২.৬৪ টন
মোট প্রাপ্যতা ৯,৪৭৯.৩২ টন
ক্যাপাসিটির তুলনায় মোট প্রাপ্যতা ৫.৫৮ গুণ

১,৭০০ টনের গুদাম সক্ষমতার বিপরীতে এত বড় প্রাপ্যতা অনুমোদনের যৌক্তিকতা এবং কাঁচামালের ধারাবাহিক ব্যবহার ও নিষ্পত্তির হিসাব জনস্বার্থে যাচাই করা প্রয়োজন।

বছরে প্রায় ৮০০ কোটি (?) টাকার আমদানি, রপ্তানি কোথায়?

প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানির আর্থিক চিত্রও অনুসন্ধানের দাবি রাখে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বার্ষিক গড় আমদানি প্রায় ৮০০ কোটি টাকা। অন্যদিকে শুল্কমুক্ত আমদানির অনুমোদিত আর্থিক পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

Advance Flexopack Industries প্লাস্টিক হ্যাঙ্গার, পলি ব্যাগ, কার্টন ব্যাগ, গাম টেপ, ইলাস্টিক ও লেবেলের মতো গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনের সঙ্গে যুক্ত। এসব পণ্যের উল্লেখযোগ্য বাজার তৈরি পোশাকশিল্প।

কিন্তু সরাসরি রপ্তানি না থাকলে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য কোথায় যাচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।

এখানে deemed export-এর বিষয়টিও বিবেচনায় নিতে হবে। রপ্তানিমুখী পোশাক কারখানায় স্থানীয়ভাবে অ্যাক্সেসরিজ সরবরাহ করলেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তা deemed export হিসেবে গণ্য হতে পারে। জানতে হবে কাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে?

তবে deemed export-ও যদি না থাকে, তাহলে বন্ড সুবিধায় আমদানি করা বিপুল কাঁচামাল কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিচারিক দৃষ্টিতে জানতে চাওয়া প্রয়োজন।

একই গ্রুপের Advance Attire-এর নামে ৬৭.৫৩ কোটি টাকার SCN Demand!

Advance Flexopack Industries-এর পাশাপাশি একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান Advance Attire Limited-এর বন্ড কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর সরকারি ডেটাবেজে Advance Attire Limited-এর নামে ৬৭ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৩৩০.৬৩ টাকার SCN Demand-এর তথ্য রয়েছে।

বিষয় তথ্য
প্রতিষ্ঠান Advance Attire Ltd.
বন্ড লাইসেন্স 1176/CUS-SBW/2010
BIN 000495193-0405
বন্ড নম্বর GB801101176
সার্কেল ৩২
স্ট্যাটাস Active
SCN Demand ৬৭,৫৩,৬৩,৩৩০.৬৩ টাকা

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, Advance Attire-এর আন্তর্জাতিক বাণিজ্য ডেটাবেজে আমদানি ও রপ্তানি— দুই ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। Volza-এর তথ্যে প্রতিষ্ঠানটির ৩,০৫৩টি রপ্তানি এবং ৪,৩৪৩টি আমদানি শিপমেন্টের উল্লেখ রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে পুরুষদের শার্ট, ট্রাউজার্স ও জ্যাকেটের মতো পোশাক রয়েছে।

অর্থাৎ Advance Attire-এর রপ্তানি কার্যক্রমের তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির নামে ৬৭.৫৩ কোটি টাকার SCN Demand কেন সৃষ্টি হয়েছে, সেটি আলাদা অনুসন্ধানের দাবি রাখে।

এই SCN Demand কী কারণে সৃষ্টি হয়েছে, কোন সময়ের আমদানি বা বন্ড দায়ের সঙ্গে সম্পর্কিত এবং বর্তমানে এর কতটুকু নিষ্পত্তি হয়েছে, তা বন্ড কমিশনারেটের কাছে জানতে চায় ফলোআপ নিউজ।

একই গ্রুপের দুই প্রতিষ্ঠানের বন্ড সুবিধা: হিসাব কি আলাদা করে যাচাই হচ্ছে?

Advance Group-এর নিজস্ব ওয়েবসাইটে Advance Flexopack Industries ও Advance Attire Limited-কে একই গ্রুপের প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা হয়েছে।

একদিকে Advance Flexopack-এর বিপুল আমদানি প্রাপ্যতা, অন্যদিকে Advance Attire-এর আমদানি-রপ্তানি কার্যক্রম এবং ৬৭.৫৩ কোটি টাকার SCN Demand— সব মিলিয়ে গ্রুপটির বন্ড ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।

Advance Flexopack থেকে Advance Attire-এ কোনো অ্যাক্সেসরিজ সরবরাহ করা হয় কিনা, হলে কত টাকার এবং কী ধরনের পণ্য সরবরাহ করা হয়, তা যাচাই করা প্রয়োজন।

একই গ্রুপের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রতিটি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স, আমদানি, উৎপাদন, সরবরাহ ও শুল্ক দায়ের হিসাব পৃথক। একটি প্রতিষ্ঠানের রপ্তানি দিয়ে অন্য প্রতিষ্ঠানের বন্ড দায় স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয় না।

তাই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃপ্রতিষ্ঠান সরবরাহ, ইনভয়েস, UD, বিল অব এক্সপোর্ট এবং বন্ড নিষ্পত্তির নথি পরীক্ষা করা জরুরি।

পূরবী সাহার কাছে যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন

৫ জানুয়ারি ২০২৫ তারিখে ৫,১১৪.৫০ টন এবং ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ৪,১৬২.১৮ টন প্রাপ্যতা অনুমোদনের ক্ষেত্রে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি।

১. দুই দফায় এত বড় পরিমাণ প্রাপ্যতা অনুমোদনের ভিত্তি কী ছিল?

২. অনুমোদনের আগে প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদন সক্ষমতা ও বন্ডিং ক্যাপাসিটি যাচাই করা হয়েছিল কি?

৩. আগের অনুমোদনের বিপরীতে আমদানিকৃত কাঁচামালের কতটুকু ব্যবহার হয়েছিল?

৪. প্রতিষ্ঠানের আগের আমদানির বিপরীতে রপ্তানি, deemed export ও স্থানীয় সরবরাহের হিসাব পরীক্ষা করা হয়েছিল কি?

৫. দ্বিতীয় দফায় ৪,১৬২.১৮ টন প্রাপ্যতা অনুমোদনের সময় প্রথম দফার ৫,১১৪.৫০ টনের ব্যবহার ও নিষ্পত্তির হিসাব কী ছিল?

বন্ড কমিশনারেটের কাছে ফলোআপ নিউজের প্রশ্ন

Advance Flexopack Industries ও Advance Attire Limited-এর বন্ড কার্যক্রম নিয়ে ফলোআপ নিউজ জানতে চায়:

১. গত পাঁচ বছরে Advance Flexopack-এর বার্ষিক আমদানি ও রপ্তানির পরিমাণ কত?

২. বছরে কত টাকার কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি হয়েছে?

৩. কত টাকার পণ্য সরাসরি রপ্তানি হয়েছে এবং কত টাকার deemed export হয়েছে?

৪. স্থানীয় বাজারে বিক্রি করা পণ্যের পরিমাণ কত?

৫. আমদানিকৃত কাঁচামালের মজুত, ব্যবহার ও নিষ্পত্তির হিসাব কী?

৬. ১,৭০০ টন বন্ডিং ক্যাপাসিটির বিপরীতে ৯,৪৭৯.৩২ টন প্রাপ্যতা অনুমোদনের ভিত্তি কী?

৭. ব্যারিস্টার পূরবী সাহার স্বাক্ষরে অনুমোদিত দুই দফা প্রাপ্যতার ক্ষেত্রে কী কী নথি যাচাই করা হয়েছিল?

৮. Advance Attire-এর ৬৭.৫৩ কোটি টাকার SCN Demand-এর কারণ কী এবং বর্তমান অবস্থা কী?

৯. দুই প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃপ্রতিষ্ঠান সরবরাহ থাকলে তার বিপরীতে বন্ড হিসাব কীভাবে নিষ্পত্তি করা হয়েছে?

১০. Advance Group-এর প্রতিষ্ঠানগুলোর বন্ড অডিটে কোনো আপত্তি, অনিয়ম বা রাজস্ব দাবির তথ্য রয়েছে কিনা?

Advance Flaxo Pack Ltd.
প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রে অফিস রয়েছে বলে তাদের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে।

বন্ড সুবিধা শিল্পের জন্য, জবাবদিহিও নিশ্চিত করতে হবে

বন্ড সুবিধা রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম করার জন্য। এর উদ্দেশ্য শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কের চাপ কমানো এবং রপ্তানি বাড়ানো। কিন্তু এই সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব বন্ড কমিশনারেটের।

Advance Flexopack-এর ৯,৪৭৯.৩২ টন আমদানি প্রাপ্যতা, এর মধ্যে ব্যারিস্টার পূরবী সাহার স্বাক্ষরে ৯,২৭৬.৬৮ টন অনুমোদন এবং একই গ্রুপের Advance Attire-এর নামে ৬৭.৫৩ কোটি টাকার SCN Demand— সব মিলিয়ে বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

প্রতিটি প্রতিষ্ঠানের হিসাব, আমদানি করা কাঁচামালের ব্যবহার, উৎপাদিত পণ্য, রপ্তানি ও বন্ড দায় নিষ্পত্তির তথ্য প্রকাশ ও যাচাই করা প্রয়োজন।

ফলোআপ নিউজের অনুসন্ধান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যারিস্টার পূরবী সাহা এবং বন্ড কমিশনারেটের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।