ব্যবসায় ব্যর্থতার মাধ্যমে ব্যক্তির ইন্টেলেকচুয়াল প্রপার্টি, শ্রম ও পুঁজি ধীরে ধীরে প্রতিষ্ঠিত শক্তি এবং বাজারের হাতে স্থানান্তরিত হওয়াকেই আমি পুঁজিবাদের কৃষ্ণগহ্বর বলছি।
দিব্যেন্দু দ্বীপ, এমএস, এমপিএস, এমডিপিএস
পুঁজিবাদের কৃষ্ণগহ্বর
(Capitalist Black Hole: A Study of Failure, Absorption, and Invisible Transfer of Value)

সারসংক্ষেপ (Abstract)
এই গবেষণাপত্রে পুঁজিবাদী বাজারব্যবস্থার একটি প্রায় অদৃশ্য কিন্তু কার্যকর প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে, যাকে এখানে “পুঁজিবাদের কৃষ্ণগহ্বর” নামে অভিহিত করা হয়েছে। এই ধারণাটি ব্যাখ্যা করে কীভাবে অসংখ্য ব্যক্তি ও উদ্যোগ—যারা আর্থিকভাবে সফল হতে পারে না—তবুও বাজারে বাস্তব ও পরিমাপযোগ্য মূল্য যোগ করে যায়। তাদের শ্রম, পুঁজি, সময়, জ্ঞান এবং ঝুঁকি বাজারব্যবস্থার ভেতরে শোষিত ও পুনর্বণ্টিত হয়। এই প্রবন্ধে দেখানো হয়েছে যে, পুঁজিবাদে ব্যর্থতা মানে শূন্যতা নয়; বরং ব্যর্থতা নিজেই একটি উৎপাদনশীল ও কাঠামোগত প্রক্রিয়া।
পুঁজিবাদের কৃষ্ণগহ্বর: শুধু শোষণ নয়, পুনর্বণ্টনেরও প্রক্রিয়া
পুঁজিবাদী বাজারকে যদি কেবল সফল বনাম ব্যর্থ—এই দ্বৈততার মধ্যে দেখা হয়, তাহলে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা অনালোচিত থেকে যায়। বাস্তবে বাজারে সবসময় নতুন মানুষ প্রবেশ করছে, পরীক্ষা করছে, উৎপাদন করছে এবং অর্থনৈতিক ফলাফল যাই হোক না কেন—তারা বাজারে অবদান রেখে যাচ্ছে।
ধরা যাক, একজন কৃষক ভালো মানের টমেটো ফলাতে পারলেন না। তিনি হয়তো তার বিনিয়োগের পূর্ণ প্রতিদান পেলেন না, কিংবা লোকসানে পড়লেন। কিন্তু সেই টমেটো বাজারে এসেছে, ভোক্তাদের চাহিদা পূরণ করেছে, দাম নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে, খাদ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রেখেছে। অর্থাৎ কৃষকটি পুঁজি তুলতে ব্যর্থ হলেও, তিনি বাজারের জন্য মূল্য সৃষ্টি করেছেন।
এই বাস্তবতা দেখায় যে, পুঁজিবাদের কৃষ্ণগহ্বর কেবল প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের একচেটিয়া সুবিধার জায়গা নয়। এখানে ব্যর্থদের শ্রম ও পুঁজি শুধু ওপরের দিকে শোষিত হয় না; তা আনুভূমিকভাবে ভোক্তার কাছেও প্রবাহিত হয়—কম দামে পণ্য, বেশি বিকল্প, সহজলভ্যতা এবং ধারাবাহিক সরবরাহের মাধ্যমে।
অসংখ্য ক্ষুদ্র উৎপাদক, উদ্যোক্তা ও শ্রমিক যারা টিকে থাকতে পারেন না, তারা বাজারকে সস্তা, প্রবহমান এবং কার্যকর করে তোলে। তাদের ব্যর্থতা ভোক্তার জন্য পরিণত হয় স্বস্তিতে, আর বাজারের জন্য হয় স্থিতিশীলতায়।
এ কারণে পুঁজিবাদের কৃষ্ণগহ্বরকে শুধু একটি শোষণযন্ত্র হিসেবে দেখলে ছবিটি অসম্পূর্ণ থাকে। এটি একই সঙ্গে একটি নিষ্ঠুর কিন্তু কার্যকর পুনর্বণ্টন ব্যবস্থা—যেখানে ব্যক্তিগত ব্যর্থতা সামাজিক সুবিধায় রূপ নেয়, কিন্তু সেই ব্যর্থতার মূল্য বহন করে ব্যক্তিই।
সমস্যাটি তাই এই নয় যে, বাজার ব্যর্থদের অবদান গ্রহণ করে; সমস্যাটি হলো—এই অবদান স্বীকৃতিহীন, ক্ষতিপূরণহীন এবং একতরফাভাবে শোষিত।
১. ভূমিকা
পুঁজিবাদ সাধারণত সাফল্যের গল্প দিয়ে ব্যাখ্যা করা হয়—উদ্যোক্তা, উদ্ভাবন, প্রতিযোগিতা এবং প্রবৃদ্ধির ভাষায়। কিন্তু এই বয়ানে একটি মৌলিক প্রশ্ন প্রায় অনালোচিত থেকে যায়: যারা সফল হয় না, তাদের পুঁজি, শ্রম, আইডিয়া কোথায় যায়? প্রচলিত ধারণা অনুযায়ী ব্যর্থরা বাজার থেকে ঝরে পড়ে। কিন্তু বাস্তবে তারা ঝরে পড়ে না। তারা বাজারে থেকেই যায়—তাদের শ্রম, পণ্য, সেবা, ঝুঁকি এবং সময়ের মাধ্যমে। এই গবেষণার লক্ষ্য হলো সেই অদৃশ্য উপস্থিতিকে বিশ্লেষণ করা।
২. পুঁজিবাদের কৃষ্ণগহ্বর: ধারণাগত কাঠামো
জ্যোতির্বিজ্ঞানে কৃষ্ণগহ্বর এমন একটি কাঠামো, যা আশপাশের সবকিছু নিজের মধ্যে টেনে নেয়, কিন্তু কিছুই ফেরত দেয় না। এই উপমা ব্যবহার করে পুঁজিবাদের একটি বাস্তব প্রক্রিয়া ব্যাখ্যা করা যায়।পুঁজিবাদের কৃষ্ণগহ্বর বলতে বোঝানো হয়েছে সেই বাজারব্যবস্থা, যেখানে—
-
ব্যক্তির শ্রম
-
বিনিয়োগকৃত পুঁজি
-
সময় ও ঝুঁকি
-
জ্ঞান ও অভিজ্ঞতা
বাজারে শোষিত ও ব্যবহৃত হয়, কিন্তু ব্যক্তি নিজে আর্থিক নিরাপত্তা, সামাজিক স্বীকৃতি বা কাঠামোগত সুরক্ষা পান না।
৩. ব্যর্থতা কি কেবল ব্যক্তিগত অযোগ্যতা?
ব্যর্থতার দায় সাধারণত ব্যক্তির ওপর চাপানো হয়। ভুল পরিকল্পনা, কম পুঁজি, দুর্বল ব্যবস্থাপনা বা দক্ষতার অভাবের যুক্তিতে ব্যক্তিকেই দায়ী করা হয়। এই গবেষণা স্বীকার করে যে এসব কারণ বাস্তব। কিন্তু এগুলো সম্পূর্ণ ব্যাখ্যা নয়। কারণ যদি ব্যর্থতা শুধুই অযোগ্যতার ফল হতো, তাহলে একই বাজারে অসংখ্য ব্যর্থতার মধ্য দিয়েও বাজার কেন ক্রমাগত কার্যকর ও সমৃদ্ধ থাকে, তার ব্যাখ্যা পাওয়া যেত না। বাজারের এই সফলতা কি টিকে থাকাদের সামার্থ্য, নাকি ব্যর্থদের অনিচ্ছুক অবদান।
বাজারকে একটি পাহাড়ের মতো ধরা যাক। যে বড় এবং দৃশ্যমান ব্যবসাগুলো সফল, সেগুলো পাহাড়ের চূড়া। কিন্তু পাহাড়ের স্থিতিশীলতা ধরে রাখে নিচের অগণিত ছোট ধ্বস বা ধুলো, পাথর ও মাটির কণা, যা চোখে পড়ে না। ঠিক তেমনই, বাজারে যে প্রাচুর্য দেখা যায়, তা তৈরি হয় অসংখ্য ব্যর্থ উদ্যোগ, ক্ষুদ্র উৎপাদক ও হারানো শ্রমের মাধ্যমে।
আর শুধু বড় ব্যবসা সুবিধা পান, এমন নয়। পাহাড় থেকে ধ্বসের মাটিতে কৃষি হয়, যেমন নদী বা খাল পূর্ণ করে, তেমনি ব্যর্থ উদ্যোগের শ্রম ও উৎপাদন ভোক্তাদেরও সরাসরি সুবিধা দেয়—কম দামে পণ্য পাওয়া যায়, নতুন বিকল্প বাজারে আসে, বা কোনো সেবা ফ্রি বা সহজলভ্য হয়। উদাহরণস্বরূপ, একজন উদ্যোক্তা যদি নতুন পণ্য বা বই বাজারে আনেন কিন্তু সফল না হন, তার ফেলে আসা পণ্য ভোক্তার হাতে পৌঁছায় কম দামে বা বিনামূল্যে, ফলে বাজারে স্বল্পমূল্যের সুবিধা তৈরি হয়।
এইভাবে, ব্যর্থতার মধ্য দিয়েই বাজার সচল থাকে এবং ভোক্তা উপকৃত হয়। তবে এই সুবিধার সঙ্গে রয়েছে একটি নীরব অসমতা—ব্যর্থদের শ্রম, পুঁজি ও সময়ের ক্ষতি, যা কেউ আনুষ্ঠানিকভাবে পূরণ বা স্বীকৃতি দেয় না।
৪. উৎপাদনশীল ব্যর্থতা: বাজারে অবদান রেখেই হারিয়ে যাওয়া
পুঁজিবাদী বাজারে সবসময় নতুন মানুষ প্রবেশ করছে। কৃষক, ক্ষুদ্র উৎপাদক, দোকানি, উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার। সবাই সফল হয় না। কিন্তু প্রায় সবাই কন্ট্রিবিউট করে। ধরা যাক, একজন কৃষক ভালো মানের টমেটো ফলাতে পারলেন না। তিনি কাঙ্ক্ষিত দাম পেলেন না, হয়তো লোকসানে পড়লেন। কিন্তু—
-
টমেটো বাজারে এলো
-
খাদ্যের ঘাটতি তৈরি হলো না
-
দাম নিয়ন্ত্রণে থাকলো
-
ভোক্তারা পণ্য পেল
অর্থাৎ কৃষকটি ব্যর্থ হলেও বাজার ব্যর্থ হয়নি। এই ধরনের ব্যর্থতাকে বলা যায় উৎপাদনশীল ব্যর্থতা—যা ব্যক্তিকে টিকিয়ে রাখে না, কিন্তু বাজারকে সচল রাখে।
৫. বাজারের প্রাচুর্য: সাফল্যের গল্প নয়, ব্যর্থতার স্তূপ
বাজারে যে পণ্য ও সেবার প্রাচুর্য আমরা দেখি—ব্র্যান্ডের ভিড়, বিকল্পের আধিক্য, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন—তা সাধারণত পুঁজিবাদের সাফল্য হিসেবে উপস্থাপিত হয়। প্রচলিত বয়ানে বলা হয়, এই প্রাচুর্য এসেছে দক্ষ উদ্যোক্তা, উদ্ভাবন ও প্রতিযোগিতার মাধ্যমে, এবং এটি বাজারের কার্যকারিতা ও অর্থনৈতিক উন্নতির একটি নিদর্শন হিসেবে ধরা হয়।
তবে বাস্তবতা অনেক জটিল। এই প্রাচুর্য দৃশ্যমান সাফল্যের আড়ালে অসংখ্য ব্যর্থ উদ্যোগের অবদান লুকিয়ে আছে। প্রতিটি সফল পণ্য বা সেবা পরীক্ষা ও ব্যর্থতার হাজারো পর্যায়ের ওপর দাঁড়িয়ে আছে। ক্ষুদ্র উৎপাদক, নতুন উদ্যোক্তা, স্টার্টআপ বা ব্যক্তি যারা নতুন ধারণা নিয়ে এসেছে, তারা হয়তো বাজারে টিকে থাকতে পারেনি, লোকসানে পড়েছেন বা তাদের শ্রম ও পুঁজি পুরোপুরি হারিয়েছে। কিন্তু তাদের ক্ষতি, পরিশ্রম ও অভিজ্ঞতা—সবই বাজারকে প্রস্তুত ও সচল রাখে, নতুন পণ্য পরীক্ষার জন্য দিশা তৈরি করে, ভোক্তার চাহিদা ও মান নির্ধারণে সাহায্য করে।
ফলে, বাজারের এই প্রাচুর্য কেবল সফল উদ্যোক্তার কৃতিত্ব নয়; এটি মূলত ব্যর্থ উদ্যোগের সংহত অবদান ও হারানো শ্রমের সমষ্টি, যা দেখা যায় না কিন্তু প্রতিদিন কার্যকারিতার ভিত্তি তৈরি করে। সেই অর্থে, বাজারে যে ধরা পড়া সাফল্য আমরা দেখি, তা একদিকে যেমন প্রতিষ্ঠিত ব্যবসার শক্তি প্রদর্শন করে, অন্যদিকে অসংখ্য ব্যর্থের নীরব অবদানকে অদৃশ্য রেখে একটি ভ্রান্ত “পূর্ণতার ধারণা” তৈরি করে।
ব্যর্থরা—
-
নতুন পণ্য ও সেবা পরীক্ষা করে
-
ভোক্তার চাহিদা তৈরি করে
-
বাজারের সীমা নির্ধারণ করে
-
ঝুঁকি বহন করে
বাজার এই শেখাগুলো ধরে রাখে, কিন্তু উদ্যোগগুলোকে ধরে রাখে না। ফলে বাজারের প্রাচুর্য আসলে একটি সমষ্টিগত ক্ষতির জমাট রূপ, যেখানে ব্যর্থতার খরচ ব্যক্তিগত থাকে, কিন্তু সুফল সামাজিক হয়ে যায়।
৬. ব্যর্থতার বাস্তব সুবিধা: ভোক্তার লাভ
পুঁজিবাদের কৃষ্ণগহ্বর কেবল প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সুবিধা দেয়, এমন ধারণা অসম্পূর্ণ। বাস্তবে, বাজারের প্রতিটি ব্যর্থ উদ্যোগ ভোক্তাদের জন্য সরাসরি বা পরোক্ষ সুবিধা তৈরি করে, যা প্রায় অদৃশ্য থেকে যায়।
ধরা যাক বাজার একটি বৃহৎ বন বা জঙ্গল। এখানে বড় ও দৃশ্যমান বৃক্ষগুলো হলো সফল প্রতিষ্ঠান বা টিকে থাকা ব্যবসা, যা চোখে পড়ে, প্রশংসীত হয় এবং প্রথাগতভাবে সফল হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই বনকে কার্যকর ও সুশৃঙ্খল রাখে নিচের স্তর— ছোট গাছ, শিকড়, গাছের পাতা ও মৃতপত্র, যা নিয়মিত ঝরে যায়, মাটি উর্বর করে, নতুন গাছ জন্মাতে সাহায্য করে। ঠিক তেমনই, অসংখ্য ব্যর্থ উদ্যোক্তা, ক্ষুদ্র উৎপাদক ও শ্রমিক যারা বাজারে টিকে থাকতে পারেনি বা লোকসানে পড়েছেন, তারা ভোক্তাদের সুবিধা সরবরাহ করছে— সস্তা পণ্য, নতুন বিকল্প, সহজলভ্য সেবা এবং ধারাবাহিক সরবরাহের মাধ্যমে।
উদাহরণস্বরূপ, একজন উদ্যোক্তা যদি নতুন বই বা পণ্য বাজারে আনেন কিন্তু সফল না হন, তার ফেলে আসা পণ্যগুলো কম দামে বা বিনামূল্যে পৌঁছায় পাঠক বা ভোক্তার হাতে। একইভাবে, ক্ষুদ্র কৃষক, ছোট রেস্টুরেন্ট, বা ব্যর্থ প্রযুক্তি স্টার্টআপ— তাদের হারানো শ্রম এবং পণ্য বাজারে পৌঁছায় ভোক্তাদের কাছে, যা তাদের জীবনকে সহজ করে, চাহিদা পূরণ করে এবং নিত্যদিনের বিকল্প বাড়ায়।
এই উপমার মাধ্যমে বোঝা যায় যে, বাজারের “দৃশ্যমান সাফল্য” এবং ভোক্তাদের সুবিধা শুধুমাত্র বড় প্রতিষ্ঠিত ব্যবসার কৃতিত্ব নয়। বরং, এটি একটি অদৃশ্য ব্যর্থতা স্তরের উপর দাঁড়িয়ে থাকে, যা নীরবভাবে বাজারকে সচল রাখে এবং ভোক্তার জন্য সুবিধা তৈরি করে। এই প্রক্রিয়াতেই পুঁজিবাদের কৃষ্ণগহ্বরের প্রকৃত কার্যকারিতা লুকিয়ে আছে: ব্যক্তির ক্ষতি ও ব্যর্থতা ভোক্তা এবং সমাজের সুবিধায় রূপান্তরিত হয়, কিন্তু সেই ক্ষতির দায় বা স্বীকৃতি ব্যক্তিই বহন করে।
৬.১ ব্যর্থ প্রকাশনা উদ্যোগ
একটি প্রকাশনা ব্যবসা ব্যর্থ হলে—
-
বই কম দামে বিক্রি হয়
-
কেজি দরে বা বিনামূল্যে বিতরণ হয়
-
পাঠাগার ও সাধারণ পাঠকের হাতে পৌঁছে যায়
প্রকাশক পুঁজি ফেরত পান না, কিন্তু পাঠক পান জ্ঞান ও সাংস্কৃতিক প্রবেশাধিকার।
৬.২ ক্ষুদ্র কৃষক ও খাদ্যবাজার
লোকসানে পড়া কৃষকের উৎপাদন—
-
খাদ্যনিরাপত্তা বজায় রাখে
-
দামের ঊর্ধ্বগতি ঠেকায়
-
নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহজলভ্য করে
৬.৩ ছোট ব্যবসা ও স্টক ক্লিয়ারেন্স
ব্যর্থ ব্যবসার—
-
ডিসকাউন্ট সেল
-
ফ্রি পণ্য
-
কম দামের সার্ভিস
ভোক্তার ক্রয়ক্ষমতা বাড়ায়।
৬.৪ প্রযুক্তি ও স্টার্টআপ ব্যর্থতা
ব্যর্থ ডিজিটাল উদ্যোগের—
-
আইডিয়া
-
ডিজাইন
-
ইউজার এক্সপেরিয়েন্স
বাজারে ছড়িয়ে পড়ে, অনেক সময় বিনামূল্যে ব্যবহারযোগ্য হয়ে যায়।
৬.৫ শ্রমিক ও ফ্রিল্যান্সার
কম পারিশ্রমিকে কাজ করা শ্রমিকদের শ্রম—
-
সেবার মান বাড়ায়
-
পণ্যের দাম কমায়
কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে না।
৭. সমস্যাটি কোথায়?
সমস্যা এই নয় যে, বাজার ব্যর্থদের অবদান জোর করে বা কোনো কৌশল করে গ্রহণ করে। সমস্যা হলো—
-
এই অবদান স্বীকৃতিহীন
-
ক্ষতিপূরণহীন
-
নিরাপত্তাহীন
-
সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকির ওপর নির্ভরশীল
পুঁজিবাদ ব্যর্থতাকে ব্যবহার করে, কিন্তু ব্যর্থদের দায়িত্ব নেয় না।
উপসংহার
পুঁজিবাদকে একটি সফল অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে যেভাবে উপস্থাপন করা হয়, তার ভিত্তি গড়ে ওঠে দৃশ্যমান কিছু সাফল্যের ওপর; কিন্তু সেই সাফল্যের বিপরীতে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ উদ্যোক্তা, পুঁজি, শ্রম ও উদ্যোগের নীরব ব্যর্থতা। একজনের সাফল্য বাজারে উদযাপিত হয়, পরিসংখ্যানে উঠে আসে, অথচ অসংখ্য মানুষের হারিয়ে যাওয়া শ্রম, পুঁজি, সময় ও জীবনের গল্প অদৃশ্য থেকে যায়। এই সমষ্টিগত ব্যর্থতাই বাজারকে সস্তা, সচল ও কার্যকর রাখে এবং সেই কারণেই পুঁজিবাদ নিজেকে একটি সফল ব্যবস্থা হিসেবে প্রমাণ করতে পারে। কিন্তু এই প্রক্রিয়ার ভেতর প্রতিদিন হারিয়ে যাচ্ছে বহু হতভাগ্য মানুষ, কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি, সুরক্ষা বা ক্ষতিপূরণ ছাড়াই। এই নীরব, আইনসম্মত এবং কাঠামোগত শোষণ, যা দৃশ্যমান শ্রম শোষণের চেয়েও গভীর ও নিষ্ঠুর। এই গবেষণায় যাকে “পুঁজিবাদের কৃষ্ণগহ্বর” বলা হয়েছে।
