Headlines

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনাঃ ধানমন্ডি থেকে সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি দীপক শীল আটক

জয় বাংলা বলায়

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মীনা বাজারের সামনে এই ঘটনা ঘটে।

জয় বাংলা বলায়
“জয় বাংলা” বলার অপরাধে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল আটক।

প্রত্যক্ষদর্শী ও কর্মসূচিতে অংশ নেওয়া সংস্কৃতিকর্মীদের সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে বাউল গান ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে সংস্কৃতিকর্মী ও শিল্পীরা এক মানববন্ধনের ডাক দেন। বিকেলে দীপক শীলসহ বেশ কয়েকজন সেখানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের এই স্লোগান দিতে নিষেধ করেন। সংস্কৃতিকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলেন— ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধা দেওয়া হচ্ছে কেন? এই প্রতিবাদের একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা তৈরি হয় এবং পুলিশ দীপক শীলকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ভ্যানে তুলে নিয়ে যায়।

কর্মসূচিতে উপস্থিত অভিনেত্রী সুমনা সোমা অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বাউল গানের ওপর আঘাতের প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করেন। দীপক শীল এর তীব্র প্রতিবাদ জানালে পুলিশ তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।”

অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উসকানিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান জানান, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা উসকানিমূলক স্লোগান ও কথা বলছিলেন। পুলিশ তাদের এই আচরণ করতে নিষেধ করলে তারা পুলিশের সঙ্গে পাল্টা তর্ক ও বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হয়। ফলে ওই এলাকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে একজনকে প্রাথমিকভাবে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।