Headlines

শ্রমিকের ঘাম, মালিকের মুনাফা আর সিপিডির মজুরি-অঙ্ক: নীতিগবেষণা, নাকি পুঁজির স্বার্থরক্ষার বুদ্ধিবৃত্তিক বৈধতা?

Centre for Policy Dialogue

চার সদস্যের পরিবারের জন্য ১০ হাজার টাকা বাড়িভাড়া ধরেছে সিপিডি। বাকি ২৮ হাজার টাকায় খাবার, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, বিদ্যুৎ, গ্যাস, পোশাকসহ সবকিছু চালাতে হবে। আবার ২৪,২০৪ টাকার মজুরি নির্ধারণ করা হয়েছে ১.৫৮ জন উপার্জনকারীর গড় ধরে। তাহলে একজন শ্রমিকের পরিবারে দ্বিতীয় উপার্জনকারী না থাকলে কী হবে? শ্রমিকের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে ব্যস্ত সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের বেতন, অন্যান্য পারিশ্রমিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা কত?

ফলোআপ নিউজ ডেস্ক

বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে Centre for Policy Dialogue (CPD)। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার একটি সীমা প্রস্তাব করেছে। অথচ শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছেন।

সিপিডির বক্তব্য, মজুরি নির্ধারণে আবেগ কিংবা রাজপথের চাপ নয়, বরং তথ্য-উপাত্ত ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে। কথাটি শুনতে যথেষ্ট যুক্তিসংগত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তথ্য-উপাত্তের নামে যে হিসাব সামনে আনা হয়েছে, সেটি কি বাংলাদেশের পোশাকশ্রমিকের বাস্তব জীবনকে ধারণ করে?

একটি গবেষণাপ্রতিষ্ঠান যখন শ্রমিকের জীবনযাত্রার ব্যয় নির্ধারণ করে, তখন সেই গবেষণার প্রতিটি অঙ্কের সামাজিক ও রাজনৈতিক প্রভাব থাকে। বিশেষ করে যখন সেই অঙ্ক শ্রমিক-মালিক দরকষাকষির ভিত্তি হিসেবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা তৈরি করে।

সিপিডির গবেষণায় সেই প্রশ্নগুলোই এখন সামনে আনা জরুরি।

Naznin Ahmed
এ সময় সিপিডির নির্বাহী প্রধান নাজনীন আহমেদ ছাড়াও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সংগৃহীত ছবি।

১. সরকারি মজুরি কাঠামো: ১২,৫০০ টাকায় কতটা জীবন চলে?

২০২৩ সালের নভেম্বরে সরকার পোশাকশ্রমিকদের সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ করে। ১ ডিসেম্বর ২০২৩ থেকে এই কাঠামো কার্যকর হয়।

এই ১২,৫০০ টাকার বিভাজন ছিল:

খাত মাসিক টাকা
মূল বেতন ৬,৭০০
বাড়িভাড়া ৩,৩৫০
চিকিৎসা ভাতা ৭৫০
যাতায়াত ৪৫০
খাদ্য ভাতা ১,২৫০
মোট ১২,৫০০

অর্থাৎ শ্রমিকের মোট বেতন ১২,৫০০ টাকা হলেও মূল বেতন মাত্র ৬,৭০০ টাকা। বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতাসহ অন্যান্য খরচের জন্য বরাদ্দ মিলিয়ে ৫,৮০০ টাকা।

এই কাঠামো নির্ধারণের সময় থেকেই প্রশ্ন ছিল, একজন শ্রমিকের জন্য ১,২৫০ টাকার খাদ্য ভাতা দিয়ে মাসের খাবার কীভাবে চলবে? ৩,৩৫০ টাকার বাড়িভাড়ায় কোথায় একটি স্বাস্থ্যসম্মত বাসস্থান পাওয়া যাবে?

তিন বছর পর এসে সেই প্রশ্নগুলো আরও তীব্র হয়েছে।

সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ১২,৫০০ টাকার সমপরিমাণ ক্রয়ক্ষমতা ধরে রাখতেই এখন প্রয়োজন ১৬,৩৫১ টাকা।

অর্থাৎ এই বাড়তি অর্থেও শ্রমিকের জীবনযাত্রার প্রকৃত মানের কোনো উন্নতি হবে না। কেবল আগের ক্রয়ক্ষমতা ধরে রাখার চেষ্টা হবে।

এখানে একটি মৌলিক প্রশ্ন রয়েছে। তিন বছর আগে নির্ধারিত মজুরি যদি মূল্যস্ফীতির কারণে এতটাই অকার্যকর হয়ে পড়ে, তাহলে নতুন মজুরি নির্ধারণে শুধু মূল্যস্ফীতি সমন্বয় করাই কি যথেষ্ট?

শ্রমিকের সন্তানের শিক্ষা, পুষ্টি, চিকিৎসা, বাসস্থান এবং ভবিষ্যৎ নিরাপত্তার ব্যয়ও তো বেড়েছে।

২. ১০ হাজার টাকা বাড়িভাড়া দিয়ে বাকি সব চলবে কীভাবে?

সিপিডির প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চার সদস্যের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়ের হিসাব।

প্রতিষ্ঠানটির হিসাবে একটি পরিবারের মাসিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৮,২৪২ টাকা।

এর বিভাজন:

ব্যয়ের খাত মাসিক ব্যয়
খাদ্য ১৪,১৫৪
অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২,২৬৭
বাড়িভাড়া ১০,০০০
জরুরি ব্যয় ও সঞ্চয় ১,৮২১
মোট ৩৮,২৪২

অর্থাৎ বাড়িভাড়া দেওয়ার পর পরিবারের হাতে থাকবে মাত্র ২৮,২৪২ টাকা।

এখন প্রশ্ন হচ্ছে, এই ২৮,২৪২ টাকায় চার সদস্যের একটি পরিবারের বাকি জীবন কীভাবে চলবে?

খাদ্যের জন্য বরাদ্দ ১৪,১৫৪ টাকা। চারজনের হিসাবে জনপ্রতি দৈনিক প্রায় ১১৮ টাকা।

এই টাকায় তিন বেলা পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব?

একটি পরিবারে দুই শিশু থাকলে তাদের দুধ, ডিম, মাছ, মাংস, ফল এবং প্রয়োজনীয় পুষ্টির ব্যয় কীভাবে মেটানো হবে?

এরপর রয়েছে চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, পোশাক, বিদ্যুৎ, গ্যাস, পানি, মোবাইল, রান্নার জ্বালানি ও অন্যান্য খরচ।

এসবের জন্য বরাদ্দ মাত্র ১২,২৬৭ টাকা। জনপ্রতি দৈনিক প্রায় ১০২ টাকা।

একটি শিশু অসুস্থ হলে? স্কুলে ভর্তি বা পরীক্ষার ফি দিতে হলে? পরিবারের কারও চিকিৎসা প্রয়োজন হলে? ঈদ কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানের ব্যয় এলে?

সিপিডির হিসাবের মধ্যে এসব পরিস্থিতি কতটা বাস্তবসম্মতভাবে বিবেচনা করা হয়েছে?

১০ হাজার টাকা বাড়িভাড়া দিয়ে বাকি ২৮ হাজার টাকায় চার সদস্যের একটি পরিবারের সব প্রয়োজন মেটানোর যে হিসাব সিপিডি দেখিয়েছে, সেটি বাস্তব বাজারে যাচাই করা দরকার।

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ১০ হাজার টাকা বাড়িভাড়া দেওয়ার পরও পরিবারের জন্য আলাদা করে বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সেবা ব্যয়ের প্রয়োজন হতে পারে। এগুলো কি ১২,২৬৭ টাকার মধ্যে অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত হলে কোন খাতে কত টাকা? আর অন্তর্ভুক্ত না হলে অতিরিক্ত ব্যয় কোথা থেকে আসবে?

দুজন উপার্জনকারী, কিন্তু শিশুদের দেখবে কে?

সিপিডির হিসাবের আরেকটি মৌলিক দুর্বলতা হলো, পরিবারে গড়ে ১.৫৮ জন উপার্জনকারী ধরে পারিবারিক ব্যয়কে ভাগ করা হলেও দ্বিতীয় উপার্জনকারীকে কাজে যেতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় সামাজিক অবকাঠামোর প্রশ্নটি সামনে আনা হয়নি। একটি পরিবারে স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় কাজ করলে তাদের সন্তানদের দেখাশোনা করবে কে?

শিশুকে বাড়িতে রেখে দুজন অভিভাবকের কাজে চলে যাওয়ার বাস্তবতা নেই। আবার একজন অভিভাবককে শিশুর দেখাশোনার জন্য ঘরে থাকতে হলে পরিবারের দ্বিতীয় উপার্জনকারীর আয়ও হারিয়ে যায়। দুজনই কাজে গেলে প্রয়োজন হয় নিরাপদ, সাশ্রয়ী ও কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডে-কেয়ার সেবা। এর সঙ্গে যুক্ত হয় যাতায়াত, খাবার, শিশুর স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যয়।

সিপিডির প্রস্তাবিত ৩৮ হাজার ২৪২ টাকার পারিবারিক ব্যয়ের মধ্যে ডে-কেয়ারের ব্যয় কি অন্তর্ভুক্ত? থাকলে কোন খাতে এবং কী পরিমাণে? আর না থাকলে ১.৫৮ জন উপার্জনকারীর ধারণাটি বাস্তবে কীভাবে কার্যকর হবে? কারখানার আশপাশে পর্যাপ্ত ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রভিত্তিক শিশুযত্ন এবং এসব সেবার ব্যয় বহনের বিষয়ে সিপিডির সুপারিশ কোথায়?

এখানে একটি মৌলিক বৈপরীত্য রয়েছে। একদিকে পরিবারের ব্যয় মেটাতে দ্বিতীয় উপার্জনকারীর আয়কে হিসাবের ভিত্তি করা হচ্ছে, অন্যদিকে সেই দ্বিতীয় উপার্জনকারীকে কর্মক্ষেত্রে যেতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় শিশুযত্নের ব্যবস্থা ও ব্যয়কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, তা স্পষ্ট নয়। শ্রমিকের মজুরি নির্ধারণে শুধু পরিবারের উপার্জনকারীর সংখ্যা গুনলেই হবে না; তাদের উপার্জনের বাস্তব সুযোগ ও সীমাবদ্ধতাও বিবেচনা করতে হবে।

শিশুর যত্ন কোনো বিলাসিতা নয়, এটি পরিবারের অপরিহার্য প্রয়োজন। আর নিরাপদ ডে-কেয়ার কোনো দাতব্য সুবিধা নয়; নারী শ্রমিকের কর্মসংস্থান, শিশুর নিরাপত্তা এবং উৎপাদনব্যবস্থার ধারাবাহিকতার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি সামাজিক অবকাঠামো। শ্রমিকের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে এই বাস্তবতা উপেক্ষা করলে সেই হিসাবকে পূর্ণাঙ্গ বলা কঠিন।

সিপিডির উচিৎ প্রতিটি খাতের বিস্তারিত হিসাব প্রকাশ করা।

৩. ১.৫৮ জন উপার্জনকারী: তাহলে একজন শ্রমিকের পরিবার কী করবে?

সিপিডির গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুমান হচ্ছে, চার সদস্যের একটি পরিবারে গড়ে ১.৫৮ জন উপার্জনকারী রয়েছেন।

এই অনুমানের ভিত্তিতেই ৩৮,২৪২ টাকার পারিবারিক ব্যয়কে ১.৫৮ দিয়ে ভাগ করলে একজন উপার্জনকারীর জন্য প্রয়োজনীয় মজুরি দাঁড়ায় প্রায় ২৪,২০৪ টাকা।

গাণিতিকভাবে হিসাবটি ঠিক। কিন্তু সামাজিক বাস্তবতায় প্রশ্ন রয়েছে।

সব শ্রমিকের পরিবারে কি ১.৫৮ জন উপার্জনকারী আছেন?

একজন নারী পোশাকশ্রমিকের স্বামী বেকার হতে পারেন। কারও স্বামী অসুস্থ। কারও সন্তান ছোট। কারও পরিবারের অন্য সদস্যদের কাজ করার সুযোগ নেই।

তাহলে সেই পরিবার কীভাবে চলবে?

সিপিডির নিজস্ব ব্যয় কাঠামো অনুযায়ী, একজন উপার্জনকারীকে যদি পুরো পরিবারের ৩৮,২৪২ টাকার ব্যয় বহন করতে হয়, তাহলে ২৪,২০৪ টাকায় ঘাটতি থাকবে ১৪,০৩৮ টাকা।

এমনকি ৩২ হাজার টাকা মজুরি হলেও সিপিডির নিজেদের হিসাব অনুযায়ী পরিবারের মোট ব্যয়ের তুলনায় ঘাটতি থাকবে ৬,২৪২ টাকা।

অর্থাৎ ২৪,২০৪ টাকা কোনো একক উপার্জনকারী পরিবারের চার সদস্যের জন্য পর্যাপ্ত নয়। এটি ১.৫৮ জন উপার্জনকারীর গড় ধরে নির্ধারিত অঙ্ক।

তাহলে কি একজন শ্রমিকের পরিবারে দ্বিতীয় উপার্জনকারী থাকা বাধ্যতামূলক?

একজন নারী শ্রমিকের স্বামী বেকার থাকলে সেই পরিবারের জীবনযাত্রার ব্যয় কে বহন করবে? দ্বিতীয় উপার্জনকারী চাকরি হারালে কী হবে? পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেই অতিরিক্ত ব্যয় কীভাবে মেটানো হবে?

শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে এমন একটি গড় ব্যবহার করা হলে একক উপার্জনকারী পরিবারের বাস্তব সংকট আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা থাকে।

সিপিডির কাছে প্রশ্ন, ১.৫৮ জন উপার্জনকারীর তথ্য কোন জরিপ থেকে নেওয়া হয়েছে? কত শতাংশ পরিবারের একজন, দুইজন কিংবা তার বেশি উপার্জনকারী রয়েছেন? একক উপার্জনকারী পরিবারের জন্য আলাদা হিসাব কোথায়?

শুধু গড় দিয়ে শ্রমিকের জীবন নির্ধারণ করা যায় না।

৪. দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকের বাস্তবতা

বাংলাদেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও বাজারদর আগের অবস্থায় ফিরে যায়নি। মূল্যস্ফীতির হার কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; বরং দাম বৃদ্ধির গতি কমে যাওয়া।

শ্রমিককে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস, সবজি, দুধ—  সবকিছু কিনতে হয় বাজারদরে।

তানশকে বাড়িভাড়া দিতে হয়। যাতায়াতের খরচ দিতে হয়। সন্তানের স্কুলের খরচ বহন করতে হয়।

সিপিডির ১০ হাজার টাকা বাড়িভাড়ার হিসাবটিও প্রশ্নমুক্ত নয়। আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শ্রমিক অধ্যুষিত এলাকায় একটি পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থানের প্রকৃত ব্যয় কত?

একটি পরিবারের চারজন সদস্যের জন্য কতটুকু জায়গা প্রয়োজন? ১০ হাজার টাকার বাসায় শিশুদের পড়াশোনা, পরিবারের রান্না, ঘুম এবং ব্যক্তিগত গোপনীয়তার ব্যবস্থা কতটা সম্ভব?

এই হিসাবের জন্য কোন এলাকার কতটি বাসার তথ্য নেওয়া হয়েছে?

ঢাকার শহরতলির একটি ছোট কক্ষের ভাড়া আর একটি পরিবারের স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যয় এক বিষয় নয়।

আরও বড় প্রশ্ন, খাদ্য ব্যয়ের ১৪,১৫৪ টাকা কীভাবে নির্ধারণ করা হয়েছে? চার সদস্যের পরিবারের বয়স, পুষ্টির চাহিদা, শিশুদের খাবার এবং নারী-পুরুষের পৃথক ক্যালরি প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়েছে কি?

খাদ্য ব্যয় কমিয়ে দেখালে কাগজে জীবনযাত্রার ব্যয় কমে আসবে। কিন্তু বাস্তবে শ্রমিকের পুষ্টির ঘাটতি বাড়বে।

৫. গবেষণার পদ্ধতি: শ্রমিকের বাস্তব জীবন কতটা প্রতিফলিত হয়েছে?

সিপিডির ১৮ নভেম্বরের উপস্থাপনা অনুযায়ী, তাদের গবেষণায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, Household Income and Expenditure Survey (HIES) ২০২২ এবং কৃষি বিপণন অধিদপ্তরের খুচরা বাজারদরের তথ্য ব্যবহার করা হয়েছে।

এগুলো গুরুত্বপূর্ণ তথ্যের উৎস। কিন্তু পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শিল্পাঞ্চলভিত্তিক সাম্প্রতিক পারিবারিক জরিপের প্রয়োজনীয়তা আলাদা।

গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শ্রমিক পরিবারের বাসস্থান, খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতের ব্যয় একই নয়।

সিপিডি নিজেও ভবিষ্যতে এসব প্রধান পোশাক উৎপাদন এলাকায় প্রতিনিধিত্বশীল পারিবারিক ব্যয় জরিপের প্রয়োজনীয়তার কথা বলেছে।

তাহলে প্রশ্ন হচ্ছে, নতুন মাঠপর্যায়ের প্রতিনিধিত্বশীল জরিপ ছাড়াই শ্রমিকদের ন্যূনতম মজুরির আলোচনার জন্য একটি নির্দিষ্ট সীমা সামনে আনার প্রয়োজনীয়তা কতটুকু ছিল?

একটি পুরোনো পারিবারিক জরিপের তথ্য, গড় উপার্জনকারীর সংখ্যা এবং বর্তমান বাজারদর একত্র করে মজুরির হিসাব করা যেতে পারে। কিন্তু সেটিকে শ্রমিকের বাস্তব জীবনযাত্রার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি বলা যায় না।

বিশেষ করে যখন সেই হিসাব শ্রমিক-মালিক দরকষাকষির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।

সিপিডির গবেষণায় একটি ইতিবাচক দিক রয়েছে। প্রতিষ্ঠানটি শুধু মূল্যস্ফীতি সমন্বিত মজুরির হিসাব দেয়নি, বরং দারিদ্র্যসীমা এবং মর্যাদাপূর্ণ জীবনযাত্রার ব্যয়ও বিবেচনা করেছে। কিন্তু গবেষণার সীমাবদ্ধতা স্বীকার করার পাশাপাশি সেই সীমাবদ্ধতার প্রভাবও স্পষ্ট করা প্রয়োজন।

৬. ৩২ হাজার টাকার দাবি বনাম সিপিডির ২৪,২০৪ টাকা

বর্তমান বিতর্কে দুটি অবস্থান স্পষ্ট।

অবস্থান মাসিক মজুরি
বর্তমান সরকারি ন্যূনতম মজুরি ১২,৫০০
মূল্যস্ফীতি সমন্বিত হিসাব ১৬,৩৫১
সিপিডির দারিদ্র্যসীমার হিসাব ১৮,৫৭৮
সিপিডির মর্যাদাপূর্ণ জীবনযাপনের হিসাব ২৪,২০৪
শ্রমিক প্রতিনিধিদের দাবি ৩২,০০০

শ্রমিক প্রতিনিধিরা ৯ নভেম্বর মজুরি বোর্ডে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে সিপিডি বলছে, মজুরি নিয়ে আলোচনা হওয়া উচিত ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার মধ্যে।

এখানে লক্ষণীয়, সিপিডি শুধু একটি হিসাব প্রকাশ করেনি; তারা আলোচনার জন্য একটি সীমাও নির্ধারণ করে দিয়েছে।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেছেন, তারা দরকষাকষির পরিবর্তে দুই পক্ষের আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের পক্ষে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আলোচনার গ্রহণযোগ্য সীমা নির্ধারণের অধিকার তাদের কে দিয়েছে?

শ্রমিকের দাবি ৩২ হাজার টাকা। সিপিডির সর্বোচ্চ হিসাব ২৪,২০৪ টাকা। এই দুই অঙ্কের মধ্যে ৭,৭৯৬ টাকার ব্যবধান।

এই ব্যবধানের দায় কি শুধু শ্রমিকের প্রত্যাশার ওপর চাপানো যায়?

শ্রমিক প্রতিনিধিরা তাদের প্রস্তাবে শিল্পের সক্ষমতা বিবেচনার কথাও বলেছেন। অর্থাৎ ৩২ হাজার টাকার দাবিকে কেবল আবেগের প্রকাশ হিসেবে দেখার সুযোগ নেই।

সিপিডি যদি ২৪,২০৪ টাকাকে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মজুরি বলে, তাহলে ৩২ হাজার টাকার দাবিকে অযৌক্তিক বলার আগে আরও শক্তিশালী অর্থনৈতিক বিশ্লেষণ প্রয়োজন।

৭. শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক ক্রেতাদের দায় কোথায়?

বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা শুধু স্থানীয় বাজারের জন্য পণ্য উৎপাদন করেন না। তাদের শ্রমের ওপর দাঁড়িয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বিপুল ব্যবসা।

কিন্তু আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়মূল্য, সরবরাহব্যবস্থার চাপ, উৎপাদন ব্যয় এবং ব্র্যান্ডের মুনাফার সঙ্গে শ্রমিকের মজুরির সম্পর্ক কতটা স্বচ্ছ?

সিপিডি তাদের গবেষণায় আন্তর্জাতিক ক্রেতাদের ন্যায্য মূল্য দেওয়ার এবং শ্রম ব্যয়কে ক্রয়মূল্যে যথাযথভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এটি ইতিবাচক।

কিন্তু শুধু শ্রমিকের প্রয়োজনীয় ব্যয়ের হিসাব নয়, আন্তর্জাতিক ক্রেতাদের মুনাফা এবং পোশাকশিল্পের মালিকদের প্রকৃত ব্যবসায়িক সক্ষমতারও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন।

কারখানার মালিকরা উচ্চ সুদ, জ্বালানি ব্যয়, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ার যুক্তি দেখান। এসব বাস্তবতা থাকলে সেগুলোরও তথ্যভিত্তিক যাচাই হওয়া উচিৎ।

একইভাবে শ্রমিকের মজুরি কম রাখার যুক্তি হিসেবে মালিকদের ব্যয় দেখানো হলে মালিকদের মুনাফা ও ক্রেতাদের ক্রয়মূল্যের তথ্যও প্রকাশ করতে হবে।

শ্রমিকের প্রয়োজনের হিসাব থাকবে, অথচ পুঁজির মুনাফার হিসাব থাকবে না— এমন গবেষণা পূর্ণাঙ্গ হতে পারে না।

৮. সিপিডির নির্বাহী পরিচালকের বেতন কত? অন্যান্য আয় কত?

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জবাবদিহির প্রশ্ন।

যে প্রতিষ্ঠান পোশাকশ্রমিকের জন্য ১৮ থেকে ২৪ হাজার টাকার মজুরি কাঠামোকে আলোচনার সীমা হিসেবে সামনে আনছে, সেই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও কর্মকর্তাদের নিজেদের আয় ও জীবনযাত্রার মান কত?

১৮ নভেম্বরের সংবাদ সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

সিপিডির কাছে আমাদের প্রশ্ন:

নির্বাহী পরিচালকের পারিশ্রমিক

১. ড. নাজনীন আহমেদের মাসিক মূল বেতন কত?

২. তার মোট মাসিক পারিশ্রমিক কত? বেতনের বাইরে বাড়িভাড়া, চিকিৎসা, পরিবহন, গাড়ি, জ্বালানি, মোবাইল, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা কত?

৩. সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে তার বার্ষিক মোট প্রাতিষ্ঠানিক পারিশ্রমিক কত?

৪. বেতনের বাইরে সম্মানী, পরামর্শক ফি, বোর্ড বা কমিটির সম্মানী কিংবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক আয় থাকলে তার পরিমাণ কত?

৫. নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি অন্য কোনো প্রতিষ্ঠানে তার পারিশ্রমিকভিত্তিক দায়িত্ব বা পেশাগত আয় রয়েছে কি? থাকলে সংশ্লিষ্ট স্বার্থের সংঘাত এড়াতে কী ধরনের নীতিমালা অনুসরণ করা হয়?

অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বেতন

৬. সিপিডির গবেষণা পরিচালক, পরিচালক, সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ ফেলো ও অন্যান্য কর্মকর্তার বেতন কাঠামো কত?

৭. প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত? কর্মকর্তা-কর্মচারীদের গড় মাসিক পারিশ্রমিক কত?

৮. সিপিডির কর্মকর্তা-কর্মচারীদের জন্য কী ধরনের বাড়িভাড়া, চিকিৎসা, পরিবহন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা রয়েছে?

৯. ২০২৪ ও ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মোট কর্মী ব্যয়, বেতন-ভাতা, প্রশাসনিক ব্যয় এবং গবেষণা ব্যয়ের পরিমাণ কত?

গবেষণার অর্থায়ন ও স্বার্থসংশ্লিষ্টতা

১০. ১৮ নভেম্বর প্রকাশিত পোশাকশ্রমিকদের মজুরি গবেষণার অর্থায়নকারী কারা? এই গবেষণার জন্য কত টাকা ব্যয় হয়েছে?

১১. গবেষণার অর্থায়নকারী কোনো আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, পোশাকশিল্পের মালিকপক্ষ কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণার কোনো স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে কি?

১২. গবেষণার বিষয়বস্তু, পদ্ধতি, ফলাফল কিংবা সুপারিশ নির্ধারণে অর্থায়নকারীর কোনো ভূমিকা ছিল কি?

১৩. সিপিডি কি তাদের নির্বাহী পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও প্রাতিষ্ঠানিক সুবিধার সামগ্রিক কাঠামো প্রকাশ করতে প্রস্তুত?

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। কোনো ব্যক্তির বেতন বেশি হলেই তার গবেষণা ভুল হয়ে যায় না। আবার কম বেতন পেলেই তার গবেষণা নিরপেক্ষ হয়ে যায় না।

কিন্তু যে প্রতিষ্ঠান শ্রমিকের জীবনযাত্রার ব্যয় নির্ধারণ করে, সেই প্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক কাঠামো, গবেষণার অর্থায়ন এবং স্বার্থের সংঘাত সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি।

সিপিডির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত রয়েছে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনও তালিকাভুক্ত। কিন্তু প্রকাশ্য তথ্য থেকে নির্বাহী পরিচালকের পৃথক মাসিক বেতন ও ব্যক্তিগত অন্যান্য আয় নির্ভরযোগ্যভাবে নির্ণয় করা যায়নি।

এখানে ব্যক্তিগত সম্পদের হিসাব চাওয়া হচ্ছে না। চাওয়া হচ্ছে সিপিডি থেকে পাওয়া বেতন, প্রাতিষ্ঠানিক সুবিধা, প্রকাশযোগ্য পেশাগত পারিশ্রমিক এবং প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহির তথ্য।

অতএব এই তথ্য প্রকাশের দায়িত্ব সিপিডির।

৯. নীতিগবেষণা, নাকি পুঁজির স্বার্থরক্ষার বুদ্ধিবৃত্তিক বৈধতা?

সিপিডিকে সরাসরি অর্থের বিনিময়ে মালিকপক্ষের দালাল বলার মতো কোনো প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু তাদের গবেষণার নীতিগত অবস্থান এবং বাস্তব প্রভাব নিয়ে কঠোর প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।

যখন শ্রমিকেরা ৩২ হাজার টাকা দাবি করছেন, তখন সিপিডি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার মধ্যে আলোচনার সীমা নির্ধারণ করছে।

এতে বাস্তবে কার দরকষাকষির অবস্থান শক্তিশালী হচ্ছে?

মালিকপক্ষের কাছে এই সীমা কি একটি সুবিধাজনক নিম্ন ভিত্তি তৈরি করে দেবে?

সিপিডির উদ্দেশ্য হয়তো সেটি নয়। কিন্তু গবেষণার ফলাফল কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে, সেটিও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্ন।

দালালি শব্দটি এখানে কোনো প্রমাণিত আর্থিক লেনদেনের অভিযোগ হিসেবে নয়, বরং ক্ষমতাবান অর্থনৈতিক গোষ্ঠীর স্বার্থকে গ্রহণযোগ্য নীতিগত ভাষা দেওয়ার ভূমিকার সমালোচনা হিসেবে বিবেচিত হওয়া উচিৎ।

একটি স্বাধীন নীতিগবেষণা প্রতিষ্ঠানের কাজ শুধু অর্থনৈতিক বাস্তবতার হিসাব করা নয়; বরং ক্ষমতাবান পক্ষের অর্থনৈতিক স্বার্থ এবং দুর্বল পক্ষের অধিকার— দুটিকেই সমান কঠোরতার সঙ্গে বিশ্লেষণ করা।

শ্রমিকের জীবনযাত্রার ব্যয় হিসাব করতে হলে মালিকের মুনাফা, আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্রয়মূল্য, উৎপাদনশীলতা এবং শিল্পের প্রকৃত আর্থিক সক্ষমতাও সামনে আনতে হবে।

তা না হলে গবেষণার ভাষা যতই নিরপেক্ষ হোক, তার প্রয়োগ একপাক্ষিক হয়ে উঠতে পারে।

১০. শ্রমিকের জীবন কোনো গড় হিসাব নয়

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি কোনো দয়া নয়। এটি শ্রমের বিনিময়ে ন্যায্য পাওনা।

যে শ্রমিকের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে কোটি কোটি টাকার ব্যবসা তৈরি করে, সেই শ্রমিক নিজের সন্তানের জন্য পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করতে পারবেন না— এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সিপিডির কাছে আমাদের দাবি, ২৪,২০৪ টাকার হিসাবের পূর্ণাঙ্গ খাতভিত্তিক ব্যয় প্রকাশ করুন। ১.৫৮ জন উপার্জনকারীর অনুমানের ভিত্তি প্রকাশ করুন। একক উপার্জনকারী পরিবারের জন্য পৃথক হিসাব দিন। ১০ হাজার টাকা বাড়িভাড়া নির্ধারণের মাঠপর্যায়ের তথ্য প্রকাশ করুন।

একই সঙ্গে নিজেদের নির্বাহী পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন, প্রাতিষ্ঠানিক অন্যান্য আয়, সুবিধা এবং গবেষণার অর্থায়নের তথ্য প্রকাশ করুন।

আমরা গবেষণার বিরোধিতা করছি না। আমরা এমন গবেষণার বিরোধিতা করছি, যেখানে শ্রমিকের ক্ষুধা ও প্রয়োজনকে গড় অঙ্কে সীমাবদ্ধ করা হয়, অথচ পুঁজির মুনাফা ও ক্ষমতার কাঠামো যথাযথভাবে পর্যালোচনা করা হয় না।

যে গবেষণায় শ্রমিকের পরিবারের বাড়িভাড়া ১০ হাজার টাকা ধরে বাকি ২৮ হাজার টাকায় পুরো জীবন চালানোর হিসাব দেখানো হয়, সেই গবেষকদের একবার বাস্তব বাজারে গিয়ে চার সদস্যের একটি পরিবারের মাসিক বাজার করে দেখা উচিৎ।

আর সিপিডির কাছে শেষ প্রশ্ন:

আপনারা কি সত্যিই শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে চান, নাকি শ্রমিকের ন্যায্য দাবিকে মালিকপক্ষের গ্রহণযোগ্য সীমার মধ্যে আটকে দেওয়ার বুদ্ধিবৃত্তিক মধ্যস্থতাকারী হয়ে উঠছেন?

শ্রমিকের জীবন নিয়ে গবেষণা হবে। কিন্তু শ্রমিকের জীবন নিয়ে দরকষাকষি নয়।

তথ্যসূত্র

১. বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS), ১৮ নভেম্বর ২০২৬
CPD proposes Tk 18,578–24,204 wage range for RMG workers
https://www.bssnews.net/others/447267

২. The Daily Star, ১৮ নভেম্বর ২০২৬
CPD proposes Tk 24,200 as living wage for garment workers
https://www.thedailystar.net/business/news/cpd-proposes-tk-24200-living-wage-garment-workers-4327006

৩. The Business Standard, ১৮ নভেম্বর ২০২৬
Garment workers’ wages may be discussed within Tk18,578-Tk24,204 range: CPD
https://www.tbsnews.net/bangladesh/garment-workers-wages-may-be-discussed-within-tk18578-tk24204-range-cpd-1606171

৪. bdnews24.com, ১৮ নভেম্বর ২০২৬
CPD proposes minimum garment sector wage range from Tk18,578 to Tk24,204
https://bdnews24.com/economy/9yxbl4a6yt

৫. Dhaka Tribune, ১৮ নভেম্বর ২০২৬
CPD for raising RMG workers’ minimum wage between Tk18,578 and Tk24,204
https://www.dhakatribune.com/business/425038/cpd-for-raising-rmg-workers%E2%80%99-minimum-wage-to

৬. Prothom Alo English, ১৮ নভেম্বর ২০২৬
CPD proposes Tk 18,578–24,204 wage range for RMG workers
https://en.prothomalo.com/bangladesh/ird6i3696y

৭. Jago News 24, ১৮ নভেম্বর ২০২৬
CPD proposes Tk 18,578-24,204 range for RMG minimum wage
https://www.jagonews24.com/en/national/news/98477

৮. The Daily Star, ৯ নভেম্বর ২০২৬
Labour representatives propose Tk 32,000 minimum monthly wage for garment workers
https://www.thedailystar.net/business/news/labour-representatives-propose-tk-32000-minimum-monthly-wage-garment-workers-4319096

৯. bdnews24.com, ৯ নভেম্বর ২০২৬
Garment workers propose Tk 32,000 minimum wage, owners seek time
https://bdnews24.com/business/4ubrkhy1w1

১০. The Business Standard, ১৮ নভেম্বর ২০২৬
Wage board lacks data on RMG workers’ needs and industry’s ability to pay: CPD
https://www.tbsnews.net/bangladesh/wage-board-lacks-data-rmg-workers-needs-and-industrys-ability-pay-cpd-1606316