Headlines

সিপিডির মজুরি প্রস্তাবকে ‘মালিকপক্ষের দালালি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান জি-স্কপের

জি-স্কপে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।১৮ নভেম্বর ২০২৬


গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবনাকে ‘মালিকপক্ষের দালালি’ ও একপাক্ষিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনটি বলেছে, সিপিডির এই প্রস্তাব দেশের পোশাক শ্রমিকদের চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে।


জি-স্কপে
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত না করে মালিকপক্ষের স্বার্থরক্ষাকারী কোনো প্রস্তাব শ্রমিক সমাজ মেনে নেবে না। সিপিডির প্রস্তাবিত ১৮,৫৭৮ টাকার মজুরি প্রত্যাখ্যান করছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জী-স্কপ)। শ্রমিকদের জীবনমান রক্ষায় অবিলম্বে ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি ঘোষণা করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান চৌধুরী এই প্রতিক্রিয়া জানান।
এর আগে আজ সংবাদ সম্মেলন করে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ বিষয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করে সিপিডি।
এর প্রতিবাদ জানিয়ে জি-স্কপের বিবৃতিতে বলা হয়, “দেশের অন্যতম থিংক ট্যাংক হিসেবে পরিচিত সিপিডি বিভিন্ন সময়ে শ্রমিকদের মানবিক জীবনযাপনের পক্ষে বক্তব্য রাখলেও মজুরি প্রশ্নে তাদের বক্তব্য মালিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিদ্যমান চিন্তা কাঠামোর ঊর্ধ্বে উঠতে পারেনি।”
সিপিডির এই মজুরি কাঠামোকে ‘দালালি মজুরি কাঠামো’ হিসেবে উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন, বর্তমান বাজারদর, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয়কে সম্পূর্ণ উপেক্ষা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। নিরপেক্ষ গবেষণার নামে মালিকপক্ষের স্বার্থ রক্ষার যে ছক তৈরি করা হয়েছে, তা দেশের গার্মেন্টস শ্রমিকরা কোনোভাবেই মেনে নেবে না।
বিবৃতিতে জি-স্কপ নেতৃবৃন্দ অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার এবং বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ও শ্রমিকদের মানবিক জীবনযাপন উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণার জোর দাবি জানান।