Headlines

ওমরা করতে গিয়ে নির্ধারিত সময়ে কাজে যোগ দেননি কর অঞ্চল-১২-এর শামসুল হক, কোথায় তিনি?

কর অঞ্চল-১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার জন্য বহিঃবাংলাদেশ ছুটি নিয়েছিলেন কর অঞ্চল-১২, ঢাকার সার্কেল-২৫৭-এর প্রধান সহকারী মো. শামসুল হক। তবে অনুমোদিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেননি তিনি। গত ১৫ নভেম্বর পর্যন্ত তাকে অফিসে পাওয়া যায়নি। ছুটি শেষে তিনি দেশে ফিরেছেন কিনা, ছুটি বাড়ানোর আবেদন করেছেন কিনা কিংবা বর্তমানে কোথায় অবস্থান করছেন— এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত দাপ্তরিক নথি অনুযায়ী, কর অঞ্চল-১২-এর কর কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে মো. শামসুল হককে ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ১৫ দিনের বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। ২৮ অক্টোবর প্রকাশিত ওই আদেশ অনুযায়ী, ১০ নভেম্বর তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।

কিন্তু নির্ধারিত যোগদানের তারিখ পার হয়ে গেলেও ১৫ নভেম্বর পর্যন্ত তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে অবস্থিত কর অঞ্চল-১২-এর সার্কেল-২৫৭ কার্যালয়ে সরেজমিনে গিয়ে তার নির্ধারিত আসনটি খালি দেখা যায়।

দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, নির্ধারিত ছুটি শেষে শামসুল হক এখনো অফিসে যোগ দেননি। তবে তিনি ছুটি বর্ধিত করার আবেদন করেছেন কিনা, কিংবা তার অনুপস্থিতির বিষয়ে কর্তৃপক্ষের কাছে কোনো ব্যাখ্যা রয়েছে কিনা, সে বিষয়ে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি।

কী বলছে সরকারি চাকরি আইন?

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২৯ ধারায় সরকারি কর্মচারীর অফিস বা কর্মস্থলে উপস্থিতি-সংক্রান্ত বিধান কিংবা সরকারি আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর যুক্তিসংগত সুযোগ দিতে হয়। অন্যদিকে, আইনের ৩১ ধারায় প্রচলিত আইন অনুসরণ করে বিভাগীয় কার্যধারা গ্রহণের বিধান রয়েছে।

তবে শামসুল হকের অনুপস্থিতি অনুমোদিত ছুটির আওতায় পড়ছে, নাকি ছুটি শেষ হওয়ার পর তার অনুপস্থিতির জন্য কোনো অনুমোদন রয়েছে— তা সংশ্লিষ্ট দাপ্তরিক নথি যাচাই ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। তার ছুটি বর্ধিত করার আবেদন করা হয়ে থাকলেও সেটি অনুমোদিত হয়েছে কিনা, সেটিও গুরুত্বপূর্ণ।

সার্কেল-২৫৭-এর দায়িত্ব ও প্রশাসনিক প্রশ্ন

কর অঞ্চল-১২-এর ওয়েবসাইটে প্রকাশিত অধিক্ষেত্রের তথ্য অনুযায়ী, সার্কেল-২৫৭ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নির্ধারিত কিছু এলাকার করদাতাদের আয়করসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে চরকঘাটা, তল্লাবাগ, টালী অফিস রোড ও দক্ষিণ মধুবাজারসহ নির্দিষ্ট এলাকার করদাতারা রয়েছেন।

এ ধরনের একটি কর সার্কেলের প্রধান সহকারীর অনুপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, বিকল্প কোনো কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা এবং করদাতাদের সেবা প্রদানে কোনো বিঘ্ন ঘটছে কিনা— এসব বিষয়েও কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রয়োজন।

এনবিআরের কেন্দ্রীয় তালিকায় নেই শামসুল হকের বহিঃবাংলাদেশ ছুটির আদেশ, অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

কর অঞ্চল-১২, ঢাকার সার্কেল-২৫৭-এর প্রধান সহকারী মো. শামসুল হকের ওমরা পালনের জন্য নেওয়া বহিঃবাংলাদেশ ছুটির আদেশ নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে প্রকাশিত বহিঃবাংলাদেশ ছুটির আদেশের তালিকায় তার ছুটির আদেশটি পাওয়া যায়নি। অথচ কর অঞ্চল-১২-এর নিজস্ব ওয়েবসাইটে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত অফিস আদেশে তার ১৫ দিনের ছুটি মঞ্জুরের তথ্য রয়েছে।

বহিঃবাংলাদেশ ছুটির আদেশ
এনবিআর-এর তালিকায় ২৫/১০-এর পরে ১৫/১১-এর নোটিশ অন্তর্ভুক্ত হয়েছে।

এদিকে এনবিআরের কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বহিঃবাংলাদেশ ছুটির আদেশের তালিকা পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের অক্টোবর মাসে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর ছুটির আদেশ সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। তবে কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত শামসুল হকের আদেশটি ওই তালিকায় পাওয়া যায়নি।

এতে প্রশ্ন উঠেছে, শামসুল হকের ছুটির আদেশটি কি এনবিআরের সংশ্লিষ্ট প্রশাসনিক শাখায় পাঠানো হয়েছিল? পাঠানো হয়ে থাকলে কেন্দ্রীয় তালিকায় সেটি অন্তর্ভুক্ত হলো না কেন? আর না পাঠানো হয়ে থাকলে এর কারণ কী?

এ ক্ষেত্রে ছুটি অনুমোদনের ক্ষমতা ও প্রশাসনিক প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পদে কর্মরত কর্মচারীর বহিঃবাংলাদেশ ছুটি অনুমোদনের ক্ষমতা কার হাতে ন্যস্ত, কর কমিশনার নিজ ক্ষমতাবলে আদেশটি জারি করতে পারেন কিনা এবং এ ধরনের আদেশের ক্ষেত্রে এনবিআরের পূর্বানুমোদন, পরবর্তী অনুমোদন কিংবা অবহিতকরণের কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা—এসব  বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন।

এ বিষয়ে এনবিআরের সংশ্লিষ্ট প্রশাসনিক শাখার কাছে জানতে চাওয়া প্রয়োজন, মো. শামসুল হকের বহিঃবাংলাদেশ ছুটির আদেশটি বোর্ডে পাঠানো হয়েছিল কিনা, সেটি কোনোভাবে অনুমোদিত বা অবহিত করা হয়েছিল কিনা এবং কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার কারণ কী।

একই সঙ্গে কর অঞ্চল-১২ কর্তৃপক্ষের কাছেও জানতে চাওয়া প্রয়োজন, আদেশটি জারির আগে ও পরে কী ধরনের প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

একটি আদেশ, দুটি সরকারি ওয়েবসাইট এবং তথ্যের এই পার্থক্য— সব মিলিয়ে শামসুল হকের বহিঃবাংলাদেশ ছুটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

১৬/১১/২০২৬

শামসুল হকের বক্তব্যঃ

জনাব শামসুল হকের সাথে তার অফিসে ফলোআপ নিউজ-এর কথা হয়। তিনি বলেন,  যদিও অফিশ আদেশে ছুটি ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত লেখা আছে। তবে ৬ মাস পর্যন্ত যেকোনো সময় আমি এই ছুটি ভোগ করতে পারি। একইসাথে কর পরিদর্শক এর নিম্নপদস্থ পদগুলোতে এ ধরনের আদেশ কর কমিশনার দিয়ে থাকে। ফলে এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।