Headlines

সেন্ট্রাল ভ্যাট ব্যবস্থায় তদারকির সীমাবদ্ধতায় ফাঁকির সুযোগ তৈরি হয়: দুই রাজস্ব কর্মকর্তা

ফাঁকি

ঢাকা: সেন্ট্রাল ভ্যাট (Central VAT) নিবন্ধন ব্যবস্থার কারণে মাঠপর্যায়ে তদারকিতে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, যা কিছু ক্ষেত্রে ভ্যাট ফাঁকির সুযোগ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন দুই রাজস্ব কর্মকর্তা। ফলোআপ নিউজের সঙ্গে আলাপকালে তারা বলেন, বর্তমান কাঠামো ও সফটওয়্যার ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কারণে স্থানীয় ভ্যাট কর্মকর্তারা নিজেদের অধিক্ষেত্রের অনেক বড় প্রতিষ্ঠানের শাখা কার্যকরভাবে তদারকি করতে পারেন না।

ফাঁকি
ভোক্তাদের কাছ থেকে শতভাগ ভ্যাট নেওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচনায় এসেছে।

মুশফেকুর রহমান জোসেফ বলেন, সেন্ট্রাল ভ্যাট নিবন্ধনের আওতায় থাকা প্রতিষ্ঠানের শাখাগুলো স্থানীয় ভ্যাট অফিসের সরাসরি তদারকির বাইরে চলে যায়। ফলে কোনো এলাকায় কোনো প্রতিষ্ঠানের একাধিক শাখা থাকলেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নিয়মিতভাবে সেগুলোর কার্যক্রম যাচাই করার সুযোগ পান না।

তিনি বলেন, “আমার এলাকার মধ্যেই যদি কোনো প্রতিষ্ঠানের শাখা থাকে, কিন্তু সেটি সেন্ট্রাল ভ্যাট নিবন্ধনের আওতায় থাকে, তাহলে আমি সেই শাখার কার্যক্রম কার্যকরভাবে তদারকি করতে পারি না। সবকিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় মাঠপর্যায়ে নজরদারিতে একটি শূন্যতা তৈরি হয়।”

জোসেফ আরও বলেন, সেন্ট্রাল ভ্যাট ব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি অবকাঠামো এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। তার ভাষ্য, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তথ্য বিশ্লেষণ, ক্রস-চেকিং এবং অনিয়ম শনাক্ত করার সক্ষমতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার ঝুঁকি থেকে যায়।

অপরদিকে রাজস্ব কর্মকর্তা আখেরুজ্জামানও প্রায় একই ধরনের পর্যবেক্ষণের কথা জানান। তিনি বলেন, সেন্ট্রাল ভ্যাট ব্যবস্থার উদ্দেশ্য প্রশাসনিক কার্যক্রম সহজ করা হলেও মাঠপর্যায়ের নজরদারি দুর্বল হলে অনিয়ম শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় পর্যায়ের সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

সেন্ট্রাল ভ্যাট নিবন্ধন ব্যবস্থার আওতাভুক্ত কাচ্চি ভাই ও সুলতানস্ ডাইনের মতো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এমন প্রেক্ষাপটে মাঠপর্যায়ের দুই রাজস্ব কর্মকর্তা মনে করছেন, বর্তমান সেন্ট্রাল ভ্যাট ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে সরাসরি তদারকির সীমাবদ্ধতা এবং সফটওয়্যারের ঘাটতির কারণে অনিয়ম শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে অসাধু ব্যবসায়ীদের জন্য ভ্যাট ফাঁকির সুযোগ তৈরি হতে পারে বলে তাদের পর্যবেক্ষণ।

তবে ভ্যাট বিশেষজ্ঞদের মতে, সেন্ট্রাল ভ্যাট ব্যবস্থা নিজেই অনিয়মের উৎস নয়। বরং এর সফলতা নির্ভর করে কার্যকর সফটওয়্যার, তথ্যের স্বচ্ছতা, ঝুঁকি-ভিত্তিক অডিট এবং কেন্দ্র ও মাঠপর্যায়ের সমন্বিত তদারকির ওপর। তাদের মতে, প্রযুক্তিগত সক্ষমতা ও জবাবদিহি বাড়ানো গেলে একই ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় আরও দক্ষ ও স্বচ্ছ করা সম্ভব।