ফরিদপুর প্রতিনিধি:
দেশজুড়ে মাঠপর্যায়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় বড় ধরনের প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুর সদরের সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন নারায়ণ চন্দ্র মণ্ডল।
এর আগে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সাব-রেজিস্ট্রি অফিসে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে, যশোর জেলার ঝিকরগাছা সাব-রেজিস্ট্রার হিসেবে তার দায়িত্ব পালনকালীন সময়টি ছিল বেশ প্রশংসনীয়। মাঠপর্যায়ের জটিল প্রশাসনিক কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে এবং বিভিন্ন বিভাগীয় তদন্ত কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি একজন ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী স্বাক্ষরিত এক আদেশে সারা দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে এবং অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
প্রশাসনিক চেইন সমন্বয় ও জনসেবা নিশ্চিতকরণের স্বার্থে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। স্থানীয় সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টরা আশা করছেন, নারায়ণ চন্দ্র মণ্ডলের মতো একজন দায়িত্বশীল, কর্মঠ এবং অভিজ্ঞ কর্মকর্তার যোগদানের মাধ্যমে ফরিদপুর সদরের দলিল নিবন্ধন কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ফিরে আসবে এবং দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি লাঘব হবে।

