ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের কর্মকর্তা জনাব মুহাম্মদ মুবিনুল কবীরকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ড প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বামে এনবিআরের অফিস আদেশ, ডানে জনাব মুহাম্মদ মুবিনুল কবীর।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনাব মুহাম্মদ মুবিনুল কবীর, যিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন, তাকে তার বর্তমান কর্মস্থলের পাশাপাশি সদস্য (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (অতিরিক্ত দায়িত্ব) এস এম মনজুরুল আলম।
এ আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব, সদস্য (সকল), বিভিন্ন পরিদপ্তরের মহাপরিচালক এবং সিস্টেম ম্যানেজারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।