ঢাকা, ২৮ জুলাই ২০২৬ ।। বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী যুগ্ম সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের এই অবসরে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসরে পাঠানো প্রয়োজন বলে মনে করেছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত আর্থিক সুবিধাদি (পেনশন ও আনুতোষিক) পাবেন।
অবসরে পাঠানো কর্মকর্তাদের বেশিরভাগই ২০১৮ সালের নির্বাচনের সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় ডিসি হিসেবে কর্মরত ছিলেনঃ
-
- ঢাকা বিভাগ: কাজী আবু তাহের (শরীয়তপুর), সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী), এস এম ফেরদৌস (মানিকগঞ্জ), মো. সারওয়ার মুর্শিদ চৌধুরী (কিশোরগঞ্জ)।
- চট্টগ্রাম বিভাগ: মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম), মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর), মো. আবুল ফজল মীর (কুমিল্লা), মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান), অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর), এ কে এম মামুনুর রশিদ (রাঙ্গামাটি), মো. কামাল হোসেন (কক্সবাজার), মো. ওয়াহিদুজ্জামান (ফেনী)।
- রাজশাহী বিভাগ: মো. শাহরিয়ার (নাটোর), এ জেড এম নূরুল হক (চাঁপাইনবাবগঞ্জ), এস এম আব্দুল কাদের (রাজশাহী), মো. জসিম উদ্দিন (পাবনা)।
- খুলনা বিভাগ: মো. আসলাম হোসেন (কুষ্টিয়া), মোহাম্মদ হেলাল হোসেন (খুলনা), সরোজ কুমার নাথ (ঝিনাইদহ), গোপাল চন্দ্র দাস (চুয়াডাঙ্গা), মো. আলী আকবর (মাগুরা)।
- বরিশাল বিভাগ: এস এম অজিয়র রহমান (বরিশাল), মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকী (ভোলা), মো. মতিউল ইসলাম চৌধুরী (পটুয়াখালী)।
- সিলেট বিভাগ: মো. আব্দুল আহাদ (সুনামগঞ্জ), মাহমুদুল কবির মুরাদ (হবিগঞ্জ)।
- ময়মনসিংহ ও রংপুর বিভাগ: মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), মইনুল ইসলাম (নেত্রকোনা), আনার কলি মাহবুব (শেরপুর), নাজিয়া শিরিন (নীলফামারী), মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম)।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কার ও রদবদল শুরু করে। এরই ধারাবাহিকতায় বিতর্কিত ও পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
