Headlines

নিরাপদ খাদ্য আন্দোলন শুরুতে একশোটি রেস্টুরেন্ট তদারকি এবং স্বীকৃতির আওতায় আনবে

নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ হিসেবে নিরাপদ খাদ্য আন্দোলন (নিখাআ) প্রাথমিক পর্যায়ে দেশের ১০০টি রেস্টুরেন্টকে তদারকি, মূল্যায়ন এবং স্বীকৃতির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে। সংগঠনটির লক্ষ্য হলো নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্য পরিবেশনের সংস্কৃতি গড়ে তোলা এবং ভোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোর খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, রান্না, পরিবেশন, কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রান্নাঘরের স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা নির্ধারিত চেকলিস্টের মাধ্যমে নিয়মিত পর্যালোচনা করা হবে।

নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোকে “SFM Verified – Certified Safe Food Restaurant” স্বীকৃতি দেওয়া হবে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টে দৃশ্যমান স্থানে এই সনদ প্রদর্শন করা হবে, যাতে ভোক্তারা সহজেই নিরাপদ খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠান চিহ্নিত করতে পারেন।

সংগঠনের মতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল সরকারের একক দায়িত্ব নয়; বরং রেস্টুরেন্ট মালিক, খাদ্য প্রস্তুতকারী, ভোক্তা এবং সচেতন নাগরিক—সবার সম্মিলিত দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং ধীরে ধীরে একটি স্বেচ্ছাভিত্তিক মাননিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে।

নিখাআ জানায়, প্রাথমিক পর্যায়ে ১০০টি রেস্টুরেন্ট নিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রেস্টুরেন্ট মালিক ও কর্মীদের জন্য খাদ্য নিরাপত্তা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

সংগঠনের কর্মকর্তারা মনে করেন, একটি নিরাপদ খাদ্য সংস্কৃতি গড়ে উঠলে শুধু ভোক্তার স্বাস্থ্যঝুঁকি কমবে না, বরং রেস্টুরেন্ট খাতের প্রতি মানুষের আস্থাও বাড়বে। এর ফলে মানসম্মত প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে বাণিজ্যিকভাবেও লাভবান হবে।

নিরাপদ খাদ্য আন্দোলন (নিখাআ) সংশ্লিষ্ট সব রেস্টুরেন্ট, হোটেল ও খাদ্যসেবা প্রতিষ্ঠানকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভোক্তাদেরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৫১-৪৪০৯০১।