নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও গ্রিন এনার্জি উৎপাদন ত্বরান্বিত করতে সৌরবিদ্যুৎ উৎপাদন সামগ্রী ও সোলার ইনভার্টার দ্রুত খালাসের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি মাঠপর্যায়ের কাস্টমস হাউজ ও এলসি স্টেশনগুলোর এইচএস কোড (HS Code) সংক্রান্ত জটিলতা দূর করে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, ভুল এইচএস কোড জটিলতার কারণে দেশের বিভিন্ন বন্দরে আমদানিকৃত সোলার ইনভার্টার ও প্রয়োজনীয় সরঞ্জাম আটকে ছিলো। কাস্টমস হাউজগুলোকে পণ্যের প্রকৃত বিবরণীর ভিত্তিতে শুল্ক সুবিধা নিশ্চিত করে দ্রুত এসব পণ্য খালাস করার তাগিদ দেওয়া হয়েছে।
নতুন পরিপত্র অনুযায়ী, শিল্প কারখানায় নিজস্ব ব্যবহারের জন্য (Industrial Consumers) সোলার প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় সব সরঞ্জাম মাত্র ১ শতাংশ কাস্টমস্ ডিউটি (CD) বা আমদানি শুল্কে খালাস করা যাবে।
অন্যদিকে, বাণিজ্যিক আমদানিকারকদের (Commercial Importers) ক্ষেত্রে ১ শতাংশ শুল্কের পাশাপাশি সাড়ে ৭ শতাংশ অগ্রিম কর (AT) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর (AIT) প্রযোজ্য হবে, যা পরবর্তীতে নিয়মিত করের সাথে সমন্বয় করার সুযোগ থাকবে।
ব্যবসায়ীরা বলছেন, এনবিআরের এই স্পষ্টীকরণের ফলে বন্দরগুলোতে আমদানিকৃত পণ্যের দীর্ঘসূত্রতা কমবে। একই সাথে কম খরচে সৌরবিদ্যুৎ প্যানেল ও ইনভার্টার আমদানির সুযোগ তৈরি হওয়ায় দেশের শিল্প-কারখানাগুলো গ্রিন এনার্জি ব্যবহারে আরও উৎসাহিত হবে, যা চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
