Headlines
সরকারি ট্রেজারি বিল-বন্ডের আয়ের ওপর ভর করে সামান্য নিট মুনাফা ধরে রেখেছে মার্কেন্টাইল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল ব্যাংকিং ব্যবসায় চাপ এবং বড় অঙ্কের আর্থিক অনিয়মের তদন্ত চলমান থাকলেও সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের আয়ের ওপর ভর করে সামান্য নিট মুনাফা ধরে রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। চলতি ২০২৬ হিসাববছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৪৭ কোটি ৫৮ লাখ টাকা।
তবে মুনাফায় থাকলেও আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির আয়ে বড় ধরনের ধস নেমেছে। গত বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি যেখানে প্রায় ২০৭ কোটি টাকা নিট মুনাফা করেছিল, সেখানে চলতি বছরের একই সময়ে মুনাফা কমেছে প্রায় ৭৭ শতাংশ।
ব্যাংকটির প্রকাশিত ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা।

ট্রেজারি বিল-বন্ডেই টিকে থাকার অবলম্বন

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদহার, আমানতের খরচ বৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণ আদায় কমে যাওয়ায় নিয়মিত ব্যাংকিং কার্যক্রম থেকে ব্যাংকটির পরিচালন মুনাফা ব্যাপকভাবে কমে গেছে। তবে ঝুঁকিমুক্ত ও উচ্চ মুনাফাযুক্ত সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে আসা নিশ্চিত আয় ব্যাংকটিকে বড় লোকসানের হাত থেকে রক্ষা করেছে। দেশের আরও বেশ কয়েকটি ব্যাংকের মতো মার্কেন্টাইল ব্যাংকও এ সময়ে ঋণ বিতরণের চেয়ে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে বেশি মনোযোগী ছিল।