ঢাকা: মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনার (চলতি দায়িত্ব) হাছান মুহম্মদ তারেক রিকাবদারকে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ২২ নভেম্বর এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (২৪ নভেম্বর) এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের জন্য সিস্টেম ম্যানেজার দপ্তরে পাঠানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ চাকুরি (বিনোদন ভাতা) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী, জনাব হাছান মুহম্মদ তারেক রিকাবদারের অনুকূলে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ২৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অথবা ছুটি ভোগের তারিখ হতে মোট ১৫ (পনেরো) দিনের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে তাকে এক মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে প্রদান করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, এই ভাতার ব্যয় সংশ্লিষ্ট কমিশনারেটের বিনোদন ভাতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে। এর আগে তিনি ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সর্বশেষ ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেছিলেন।
