এপ্রিলের পর আবার আগস্টেও চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফরের সরকারি অনুমতি; একই বছরে দ্বিতীয়বার বিদেশযাত্রা নিয়ে অনুসন্ধানের দাবি
FollowUp News ডেস্কঃ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর যুগ্ম কমিশনার শাহেদ আহমেদকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। চলতি বছর পর পর দুইবার থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশযাত্রার সরকারি অনুমতি পাওয়ার তথ্য সামনে এসেছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে দেখা যায়, প্রথমবার ৫ মার্চ ২০২৬ তারিখে তাকে ১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ২৩ দিনের জন্য থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এরপর দ্বিতীয়বার ৬ আগস্ট ২০২৬ তারিখে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে তাকে ৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৫ দিনের জন্য আবারও থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
দুই প্রজ্ঞাপনেই উল্লেখ রয়েছে যে, সফরের সকল ব্যয় তিনি নিজে বহন করবেন এবং এটি চিকিৎসার উদ্দেশ্যে মঞ্জুর করা হয়েছে। উভয় সফরেই তার স্ত্রী সানজিদা আরেফিন সঙ্গী হিসেবে থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই বছরে মাত্র কয়েক মাসের ব্যবধানে চিকিৎসার জন্য পর পর দুইবার থাইল্যান্ড সফরের অনুমতি পাওয়ায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী ধরনের জটিল চিকিৎসার প্রয়োজন হয়েছিলো, যা দেশে সম্ভব হয়নি? প্রথম সফরের চিকিৎসা কি অসম্পূর্ণ ছিলো, নাকি নতুন কোনো চিকিৎসা প্রয়োজন হয়েছে—এ বিষয়গুলো এখন জনমনে আলোচনার জন্ম দিয়েছে।
যেহেতু বিষয়টি একজন দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তার বিদেশযাত্রার সঙ্গে সম্পর্কিত, তাই সংশ্লিষ্ট মহলের মতে, প্রয়োজন হলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টির স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া যেতে পারে, যাতে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি দূর হয়।
FollowUp News এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, জনাব শাহেদ আহমেদ ঢাকা উত্তর কমিশনারেটের গুরুত্বপূর্ণ বিভাগ তেজগাঁও বিভাগের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম বন্ড কমিশনারেটে ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
