Headlines

জলজ সংহিতা // এস এম কাইয়ুম

কবিতা

মন্থনের পর কোন সমুদ্র আর নীল নয়—

শঙ্খের ভেতর নোনা বাতাসের ঠাণ্ডা শ্বাস, নিজের অনুপস্থিতি
ফুঁ দিয়ে রাখা।

দ্বিধার দ্রাঘিমায় দাঁড়ানো বিচ্ছিন্নতার ব-দ্বীপ
তালুতে প্রজাপতি
এক পা যমুনার কূল ভেঙে আসা,
অন্য পা এখনও পূর্বজন্মের পাড়ে বাঁধা।
ত্রিভূজ সিঁড়ির প্রতিটি ধাপ ত্রিলোকের একেকটি প্রশ্নচিহ্ন—
নামা হয় না, ওঠাও না, শুধু ক্রিয়াপদহীনতায় দাঁড়িয়ে থাকা।

রাতের খেয়ালে বৈতরণীর জল, লীন হয়ে যাওয়া কোনো
লাবণ্যের গন্ধ—  বহুবচনে বেঁচে থাকা।
অন্ধ আশ্রয়ে অনেকগুলো অচেনা উপস্থিতি পরস্পরের পিঠে
আশ্বস্তের হাত রাখে।
কারও নয় কেউ
তবু ঘরটি একবচন হতে শেখে না
(নাকি শেখাই যায় না?)