Headlines

বিশেষ মানুষেরা কি সাহিত্যে আশ্রয় নেয়?

মানুষের জীবনে এমন কিছু দুঃখ আছে, এমন কিছু বোধ আছে, এমন কিছু নির্জন সুখানুভূতি আছে, যা কাউকে বলা যায় না; কেবল শিল্পের কাছে রাখা যায়। এই অনুভূতিটি জীবনানন্দ দাশের সমগ্র কবিজীবনের সঙ্গে গভীরভাবে মিলে যায়। কারণ কিছু মানুষ পৃথিবীকে অন্যদের চেয়ে গভীর, সুক্ষ্ম এবং তীব্রভাবে অনুভব করে। তারা আনন্দকে যেমন গভীরভাবে গ্রহণ করে, তেমনি বেদনা, একাকীত্ব, অপূর্ণতা এবং বিচ্ছিন্নতাকেও বহন করে অন্তর্গত একাকীত্বে।

তাই প্রশ্ন আসে— বিশেষ মানুষ কি সাহিত্যে আশ্রয় নেয়?

এখানে “বিশেষ মানুষ” বলতে শুধু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে বোঝানো হচ্ছে না; বরং সেইসব মানুষকে বোঝানো হচ্ছে, যারা অনুভূতির গভীরতায়, চিন্তার স্বাতন্ত্র্যে কিংবা জীবনের অভিজ্ঞতায় অন্যদের থেকে আলাদা। যারা অনেক সময় মানুষের ভিড়ের মধ্যেও একা হয়ে যায়। যারা এমন কিছু অনুভব করে, যার ভাষা সাধারণ কথোপকথনে পাওয়া যায় না।

তাদের কাছে সাহিত্য কেবল বিনোদন বা রাজনীতি নয়, সাহিত্য হয়ে ওঠে নিজের সঙ্গে নিজের কথোপকথনের জায়গা। পৃথিবীর কাছে যে কথা বলা যায় না, কবিতার কাছে তা বলা যায়। যে অনুভূতি প্রকাশ করা যায় না, শিল্প তাকে ধারণ করে।

সাহিত্য তাই বিশেষ মানুষের জন্য পালিয়ে যাওয়ার জায়গা নয়; বরং নিজের অস্তিত্বকে নতুন করে বোঝার একটি বিশেষ আশ্রয়।

রবীন্দ্রনাথঃ নিঃসঙ্গতার ভেতর আত্মার পরিপূর্ণতার সন্ধান

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ছিলো সৃষ্টি ও বেদনার এক অদৃশ্য  সমন্বয়। বিশ্বকবি হিসেবে তার পরিচয় যত উজ্জ্বল, ব্যক্তিগত জীবনের শোকও তত গভীর।

শৈশবেই মাতৃহারা হওয়া, পরে স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা রেণুকা, পুত্র শমীন্দ্রনাথ এবং পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু— এক জীবনে তিনি একের পর এক বিচ্ছেদের মুখোমুখি হয়েছেন।

কিন্তু রবীন্দ্রনাথের মহত্ত্ব এখানেই যে, তিনি দুঃখকে শুধু ব্যক্তিগত ক্ষত হিসেবে রাখেননি; তিনি তাকে রূপ দিয়েছেন সৃষ্টির শক্তিতে এবং সার্বজনীন অনুভবে।

তিনি লিখেছেন—

“আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে।”

এই পংক্তিতে রবীন্দ্রনাথ মানুষের অন্তর্গত পূর্ণতার কথা বলেছেন। বাস্তব পৃথিবী যতই অপূর্ণ হোক, মানুষ যদি নিজের ভেতরের সঙ্গে যুক্ত হতে পারে, তবে তার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি জন্ম নেয়।

বিশেষ মানুষের জীবনেও এই সত্যটি গভীরভাবে প্রযোজ্য। যে মানুষ পৃথিবীর সঙ্গে সহজে মিশতে পারে না, সে অনেক সময় নিজের ভেতরের জগতেই একটি আশ্রয় নির্মাণ করে।

রবীন্দ্রনাথ আবার লিখেছেন—

“যে পথে যেতে হবে সে পথে আমি একা,
নয়নে আধার রবে, ধ্যানে আলোকরেখা।”

এই একাকীত্ব কোনো পরাজয়ের চিহ্ন নয়। পথ একার হতে পারে, চারপাশ অন্ধকার হতে পারে; কিন্তু মানুষের অন্তরে একটি আলোকরেখা থেকে যায়। সেই আলো আসে আত্মচেতনা থেকে, ধ্যান থেকে, শিল্প থেকে।

রবীন্দ্রনাথের আরেকটি পংক্তি—

“আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী।”

এই আকাঙ্ক্ষার মধ্যে মানুষের চিরন্তন অনুসন্ধান আছে। মানুষ শুধু যা আছে, তার মধ্যে আটকে থাকতে চায় না; সে অজানার দিকে যেতে চায়, সীমার বাইরে যেতে চায়। অনুভবে যে এককযাত্রা, সে কথা এখানে তিনি বলেছেন।

রবীন্দ্রনাথ লিখেছেন—

“আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে।”

এই মুক্তি বাহ্যিক বন্ধন থেকে মুক্তি নয়; এটি অন্তরের মুক্তি। সাহিত্যও মানুষকে এমনই একটি মুক্তির অনুভূতি দেয়— যেখানে সে নিজের ভেতরের জগতকে চিনতে পারে।

আর তার অমর প্রার্থনা—

“বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা—
বিপদে আমি না যেন করি ভয়।”

তিনি বিপদহীন জীবন চাননি; চেয়েছেন বিপদের মধ্যেও স্থির থাকার শক্তি।

জীবনানন্দঃ যেখানে অন্ধকারও এক ধরনের বোধের জন্ম দেয়

জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের সেই বিরল কবিদের একজন, যিনি নিজের সময়ের মধ্যে থেকেও যেন নিজের সময়ের বাইরে অবস্থান করতেন। তিনি ছিলেন এক গভীর আত্মমগ্ন মানুষ। জীবনের দৈনন্দিন বাস্তবতা, চাকরি, সংসার, সামাজিক সম্পর্ক—সবকিছুর মধ্যেও তার ভেতরে চলত এক অন্য যাত্রা।

জীবদ্দশায় তিনি যথেষ্ট স্বীকৃতি পাননি। তার কবিতার ভাষা, চিত্রকল্প ও ভাবনার গভীরতা সমকালীন অনেক পাঠকের কাছে সহজে গ্রহণযোগ্য হয়নি। ফলে জীবনানন্দের জীবনেও এক ধরনের নিঃসঙ্গতা ছিল— সেটি যেমন আত্মনিমগ্নতা আবার সামাজিক বিচ্ছিন্নতাও; অস্তিত্বের নিঃসঙ্গতা।

কিন্তু এই নিঃসঙ্গতাই তাকে ধ্বংস করেনি; বরং তাকে নিয়ে গেছে মানুষের চেতনার আরও গভীরে। তিনি বুঝেছিলেন, মানুষের সবচেয়ে বড় একাকীত্ব বাইরের মানুষের অভাবে নয়; বরং নিজের ভেতরের অজানা অঞ্চলগুলোর সঙ্গে মুখোমুখি না হওয়ার মধ্যে।

তাই জীবনানন্দের কবিতা কেবল প্রকৃতির বা প্রেমের কবিতা নয়, কেবল বিষণ্নতার কবিতাও নয়। তার কবিতা হলো সেই মানুষের আত্মকথা, যে পৃথিবীর পরিচিত শব্দের বাইরে গিয়ে নিজের অস্তিত্বের অর্থ খুঁজতে চায়।

বোধ কবিতায় তিনি লিখেছেন—

“আলো-অন্ধকারে যাই— মাথার ভিতরে
স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে।”

এই “বোধ” জীবনানন্দের কবিতার কেন্দ্রীয় শব্দগুলোর একটি। এটি কোনো সহজ উত্তর নয়; এটি জীবনের গভীরে অনুভূত এক রহস্য।

বিশেষ মানুষের অভিজ্ঞতাও অনেক সময় এমন। সে এমন কিছু অনুভব করে, যা সাধারণ ভাষায় প্রকাশ করা যায় না।

তিনি লিখেছেন—

“সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়,
সব চিন্তা— প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়।”

এই শূন্যতা নিছক হতাশা নয়; বরং জীবনের প্রচলিত অর্থগুলোকে নতুন করে প্রশ্ন করার জায়গা।

আট বছর আগের একদিন কবিতায় তিনি লিখেছেন—

“মানুষের মৃত্যু হ’লে তবুও মানব
থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
আরো ভালো— আরো স্থির দিকনির্ণয়ের মতো চেতনার
পরিমাপে নিয়ন্ত্রিত কাজ
কতো দূর অগ্রসর হ’য়ে গেল জেনে নিতে আসে।”

এখানে ব্যক্তিমানুষের সীমা অতিক্রম করে মানবচেতনার ধারাবাহিকতার কথা বলা হয়েছে। ড্রাইডেনের অতীত এবং জীবনানন্দের অতীত মিলেমিশে একাকার হয়ে গেছে।

জীবনানন্দের কাছে সাহিত্য ছিল সেই জায়গা, যেখানে মানুষের অপ্রকাশিত অনুভূতি আশ্রয় পায়।

Dryden: হারিয়ে যাওয়া সময়ের মধ্যে বর্তমানকে নিজের করে নেওয়া

John Dryden-এর Happy the Man কবিতাটি সুখের সাধারণ ধারণাকে অতিক্রম করে।

তিনি লিখেছিলেন—

“Happy the man, and happy he alone,
He who can call today his own.”

সুখী মানুষ, আপন মনে একাকী। নির্বিকার, বর্তমান তবু তার নিজের। বিষাদময় সুখ, জীবনের নিগূঢ় রহস্যে অবিচ্ছেদ্য হওয়ার অন্তর্গত বোধ।

সহজ কথায়— মানুষ ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না, অতীত ফিরিয়ে আনতে পারে না। কিন্তু বর্তমান মুহূর্তকে অনুভব করতে পারে।

আর—

“Tomorrow do thy worst, for I have lived today.”

এই পংক্তির মধ্যে আছে জীবনের প্রতি গভীর স্বীকৃতি।

আগামীকাল অনিশ্চিত হতে পারে, কিন্তু আজকের জীবন, আজকের অনুভব, আজকের ভালোবাসা— এটাই জীবন। ড্রাইডেন আসলে অনুভবের জীবন বুঝিয়েছেন, আগ্রাসী জীবন নয়।

Kipling: বাইরের ঝড়ের মধ্যেও নিজের ভেতরের মানুষটিকে ধরে রাখা

Rudyard Kipling-এর If কবিতাটি আত্মসংযম ও অন্তর্গত শক্তির কবিতা।

তিনি লিখেছেন—

“If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you…”

যখন চারপাশের মানুষ স্থিরতা হারায়, তখন নিজের ভারসাম্য ধরে রাখা সহজ নয়।

আর—

“If you can trust yourself when all men doubt you…”

অন্যরা যখন সন্দেহ করে, তখন নিজের সত্যের ওপর আস্থা রাখা এক গভীর সাধনা।

Yeats: কোলাহলের পৃথিবী থেকে নিজের নীরব দ্বীপে প্রত্যাবর্তন

W. B. Yeats-এর The Lake Isle of Innisfree আধুনিক মানুষের ক্লান্ত আত্মার আশ্রয়ের কবিতা। এই দ্বীপ অন্য কোথাও নয়, নিজের ভেতরে।

তিনি লিখেছেন—

“I will arise and go now, and go to Innisfree.”

এটি শুধু একটি দ্বীপে যাওয়ার আকাঙ্ক্ষা নয়; এটি নিজের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।

আর—

“And I shall have some peace there, for peace comes dropping slow.”

শান্তি হঠাৎ আসে না; ধীরে ধীরে ঝরে পড়ে।

রবীন্দ্রনাথ, জীবনানন্দ, Dryden, Kipling এবং Yeats—তাঁদের সময় আলাদা, ভাষা আলাদা, জীবন অভিজ্ঞতা আলাদা। কিন্তু তাদের সৃষ্টির গভীরে একটি অভিন্ন অনুসন্ধান আছে।

সেই অনুসন্ধান হলো— মানুষ কীভাবে নিজের সঙ্গে বাঁচতে শেখে।

রবীন্দ্রনাথ নিজের ভেতরে পূর্ণতা খুঁজেছেন। জীবনানন্দ গভীর বোধের কাছে পৌঁছাতে চেয়েছেন। Dryden বর্তমান জীবনকে অনুভব করার শিক্ষা দিয়েছেন। Kipling নিজের অন্তরের শক্তির ওপর বিশ্বাস রাখতে বলেছেন। Yeats নীরবতার মধ্যে শান্তির ঠিকানা খুঁজেছেন।

তারা কেউ দুঃখকে অস্বীকার করেননি। তারা কেউ বলেননি যে জীবন কেবল আনন্দের। বরং তারা দেখিয়েছেন— দুঃখের মধ্যেও অর্থ আছে, একাকীত্বের মধ্যেও সৌন্দর্য আছে, নীরবতার মধ্যেও একটি ভাষা আছে।

বিশেষ মানুষ সাহিত্যে আশ্রয় নেয়, কারণ সাহিত্য তার কষ্টকে ছোট করে না। সাহিত্য বলে না “তোমার দুঃখ ভুলে যাও।” সাহিত্য বলে, “তোমার দুঃখের মধ্যেও একটি অর্থ আছে।”

যে শিশু কথা বলতে পারে না, সে হয়তো একটি সুরের মধ্যে শান্তি খুঁজে পায়। যে মানুষ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, সে হয়তো একটি কবিতার লাইনে নিজের ভাষা খুঁজে পায়। যে মানুষ পৃথিবীর ভিড়ে একা, সে হয়তো একটি গানের মধ্যে নিজের সঙ্গী খুঁজে নেয়।

সাহিত্য তাই শুধু শব্দের সমষ্টি নয়; এটি মানুষের অন্তর্জগতের আশ্রয়। কারণ, মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, সে তার বেঁচে থাকার অর্থও খুঁজতে চায়। আর সেই অর্থ খোঁজার সবচেয়ে গভীর পথগুলোর একটি হলো সাহিত্য। কেউ জীবনযাপনের মধ্য দিয়ে সাহিত্য রচনা করে, কেউ সত্যি সত্যিই লেখে? কিন্তু সব জীবন কি সাহিত্য হয়? অনুভবের, সত্য ও সুন্দর হয়?