Headlines

প্রিয়তম, তুমি কি সত্যি চলে যাবে জেগে?

১
প্রিয়তম,
ওরা তোমায় ক্লান্ত করে
চলে যাবার পর ত্রস্থ অবসরে
একদিন ডেকেছিলে আমায় জীবনের সন্ধানে।
মুখোমুখি তপস্যায় নিমগ্ন থেকে আমরা
কাটিয়েছিলাম কিছু সময় অবেলায়, আবেশে।

২
ভেবেছিলাম প্রেম পরীক্ষায় উত্তীর্ণ তবে,
দু’জনার সম্মত গল্প শেষে
অবশেষে আমরা গভীর ঘুমে।

৩
প্রিয়তম,
তুমি কি সত্যি চলে যাবে জেগে,
জঙ্গলে-সমুদ্রে-স্বাধীনতায়-ভোগে?

৪
আবার তুমি ডেকেছ আমায়
শ্রদ্ধায়, অবনত হয়ে ভীষণ লজ্জায়।
একই পথ হতে ফিরে
আমি তোমায় বক্ষে ধরি উদ্ধত হয়ে!

৫
তুমি শুধু চুপটি করে কাঁদো,
যেন হাজার বছরের সকল পাপ
তোমার কাঁধে চাপিয়েছে
ধর্ম-সম্প্রদায়-সমাজ এবং আমিও।


দিব্যেন্দু দ্বীপ