বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সাতবাড়িয়া গণহত্যা একটি হৃদয়বিদারক ও নৃশংস অধ্যায়। ১৯৭১ সালের ১২ মে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নিরস্ত্র বাঙালিদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ, কৃষক, ছাত্র, শিক্ষক ও গ্রামবাসীরা এ হত্যাকাণ্ডের শিকার হন।

সাতবাড়িয়া ছিলো শিক্ষিত ও সচেতন মানুষের একটি জনপদ। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এখানকার মানুষ স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। এ কারণে পাকিস্তানি সেনাবাহিনী এলাকাটিকে টার্গেট করে। ১২ মে ভোর থেকে তারা বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নির্বিচারে গুলি, অগ্নিসংযোগ, লুটপাট এবং নিরীহ মানুষ হত্যা শুরু করে। কুড়িপাড়া, নিশ্চিন্তপুর, কাচুরী, তারাবাড়ীয়া, ফকিরপুর, নারুহাটি, সিন্দুরপুরসহ বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়। হত্যা করা ছয় শতাধিক মানুষকে।
অনেক মানুষ প্রাণ বাঁচাতে নদীপথে ও মাঠে পালানোর চেষ্টা করলেও হানাদার বাহিনীর গুলির হাত থেকে রক্ষা পাননি। অসংখ্য নারী নির্যাতনের শিকার হন এবং শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, পুরো এলাকা একসময় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিলো। শিশু, বৃদ্ধ, নারী—কেউই এ বর্বরতা থেকে রেহাই পাননি।
সাতবাড়িয়া গণহত্যা শুধু একটি এলাকার ট্র্যাজেডি নয়; এটি ছিলো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার পাকিস্তানি সামরিক বাহিনীর পরিকল্পিত গণহত্যার অংশ। এই হত্যাযজ্ঞ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুরতার একটি জ্বলন্ত প্রমাণ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।
বর্তমানে শহীদদের স্মরণে বিভিন্ন স্মৃতিচিহ্ন নির্মাণ করা হয়েছে এবং প্রতিবছর স্থানীয় মানুষ গণহত্যা দিবস পালন করেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে সাতবাড়িয়া গণহত্যার স্মৃতি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
