Headlines

পরাভবের কবিতা

দিব্যেন্দু দ্বীপ

♥

জীবনটা নিংড়ে নাও,

পথে পথে বিলিয়ে দাও,

দিতে গেলে

তোমাদের দিগুণ মেলে ঠিক!

শুধু কাউকে সাক্ষী করো না।

 

♥

যাও যেখানে কিছু ক্ষুধা মেটে।

একটা মুচকি হাসি দিয়ে,

কিছু প্রশংসা করে

ঢেকে নিও

প্রস্থানের চক্ষুলজ্জাটুকু।

যেতে হয়—

এভাবেই জীবন আকাঙ্ক্ষিত হয়।

 

♥

দাঁড়িয়ে থাকতে পারো যদি আসো,

না আসলে খোঁজ নেব না,

তুমি জানবেও না

আমি অপেক্ষায় ছিলাম।

অমন তো থাকি রোজ

আনমনে পথ চেয়ে।

 

♥

ভালোবাসা ফুরিয়ে গেছে,

এখন শুধু পাশাপাশি থাকতে পারি,

একবেলা শুনতে পারি,

এরপর আবার চলে যাব

যেমন চলতে থাকি।

 

♥

তোমার সাথে কিছুদিন থাকলে হত,

না থাকলেও হয়েছে,

কেবল আশে

শূন্যেও একটা জীবন ভাসে।

 

♥

আমি জানি

কিছুই হবে না,

কিছু অপ্রাপ্তির হিসেব হবে শুধু,

পেলেও ঠিক তা-ই হতো।

 

♥

অপেক্ষার অবসান হয়

আবার অপেক্ষায়,

বয়স বাড়ে, মানুষ বৃদ্ধ হয়;

একদিন মরে যায়।

 

♥

জীবন করেছি ক্ষয় অলক্ষ্যে,

মানুষের জীর্ণতার ছায়ায়।

ওরা মিশে গেছে ঠিকই

ভিক্ষুক আর প্রার্থণাকারীদের ভিড়ে,

যারা এখন আমায় শত্রু জ্ঞান করে।


দিব্যেন্দু দ্বীপ